সৌদি আরবের দাম্মামে আজ শনিবার (৩ মে) রাতে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’-এর তৃতীয় দিনে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত রক সংগীতশিল্পী নগরবাউল জেমস। সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ উদ্যোগের অংশ হিসেবে চার দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে।
সৌদি সময় রাত ৯টায় শুরু হওয়া এ আয়োজনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জেমস ছাড়াও অংশ নিচ্ছেন জনপ্রিয় শিল্পী বিউটি খান, শিল্পী আক্তার রিয়া, আকাশ মাহমুদ ও ডিজে সাফা। এরই মধ্যে উৎসবের প্রথম দিনে মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের কণা ও আকাশ মাহমুদ।
দ্বিতীয় দিনে পারফর্ম করেছেন ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন ও আয়শা জেবিন দিপা। উৎসবের শেষ দিনে সংগীত পরিবেশন করবেন মিলা, আরমান আলিফ ও বিউটি খান।
এর আগে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে জেমস বলেন, ‘সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বার গান পরিবেশন করতে যাচ্ছি। এটি আমার জন্য একদিকে গর্বের, অন্যদিকে সম্মানেরও।
বাংলা গান ও দেশের প্রতিনিধিত্ব করতে পারা সব সময়ই বিশেষ কিছু।’ বাংলাদেশ ছাড়াও উৎসবে অংশ নিচ্ছে ভারত, সুদান ও ফিলিপাইন। প্রতিটি দেশ তুলে ধরছে নিজেদের সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য। আয়োজকরা জানিয়েছেন, আগামী ৯ মে জেদ্দায় আরো একটি কনসার্টে অংশ নেবেন জেমস।