সিস্টার নিবেদিতার চরিত্রে সেলিনা জেটলি

ভারতীয় অভিনেত্রী সেলিনা বিক্রম জেটলি। ক্যারিয়ারে একটা সময় আবেদনময়ী সব চরিত্রে অভিনয় করেছেন।

এবার তিনি ফিরছেন নতুন এক অবতার নিয়ে। অভিনয় করবেন সিস্টার নিবেদিতার চরিত্রে। সিনেমাটি পরিচালনা করছেন রাম কমল মুখার্জি। এর আগে তারা একসঙ্গে সিজন’স গ্রিটিংসে কাজ করেছিলেন।

২০০৩ সালে ‘জানাশি’ দিয়ে বলিউডে অভিষেক হয় সেলিনার। এরপর ‘নো এন্ট্রি’, ‘গোলমাল রিটার্নস’ ও ‘থ্যাংক ইউ’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন। তবে এ সিনেমাগুলোর তুলনায় একেবারেই ভিন্ন চরিত্রে হাজির হচ্ছেন তিনি।

‘সিস্টার নিবেদিতা’র আসল নাম মার্গারেট এলিজাবেথ। তার জন্ম আয়ারল্যান্ডে। তিনি জন্মভূমি ছেড়ে ভারতকে আধ্যাত্মিক আবাস হিসেবে গ্রহণ করেন এবং সমাজ সংস্কার, নারীশিক্ষা, নারীর ক্ষমতায়ন ও জাতি গঠনের কাজে আত্মনিয়োগ করেন। পরবর্তী সময়ে তিনি সিস্টার নিবেদিতা নামে পরিচিত হন।

একজন তরুণ আইরিশ শিক্ষিকা ধীরে ধীরে কীভাবে ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক জাগরণের অন্যতম অগ্রদূত হয়ে ওঠেন সে গল্প নিয়েই রাম কমলের সিনেমাটি। পাশাপাশি স্বামী বিবেকানন্দের সঙ্গে তার সম্পর্ক এবং ভারতীয় জাতীয় চেতনা গড়ে তোলার ক্ষেত্রে তার অবদানও তুলে ধরা হবে।

৪ জুলাই স্বামী বিবেকানন্দের ১২৪তম প্রয়াণবার্ষিকীতে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। পরিচালক রাম কমল মুখার্জি আবারো সংগীত পরিচালক জুটি সৌরেন্দ্র-সৌম্যজিতের সঙ্গে কাজ করছেন। এর আগে তারা সর্বশেষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিনোদিনী’তে কাজ করেছেন। চিত্রনাট্য লিখেছেন ইপ্সিতা আচার্য। বর্তমানে সিস্টার নিবেদিতার বাকি অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নির্বাচন চূড়ান্ত করার কাজ চলছে।

আরও