বন্ড হিসেবে ব্রসনানের পছন্দ ক্যালাম টার্নার

কয়েক দশকে একাধিক অভিনেতা নিজেদের মতো করে ফুটিয়ে তুলেছেন এই জনপ্রিয় চরিত্র। তাদের একজন পিয়ার্স ব্রসনান। বন্ড চরিত্রের সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে তার পছন্দ ক্যালাম টার্নার।

জেমস বন্ড কে হবেন? এখনো এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে বাতাসে। চাইলেই যে কেউ বন্ড হতে পারেন না। মার্জিত স্যুট, হাতে মার্টিনি আর চোখেমুখে রহস্যময় অভিব্যক্তি—জেমস বন্ড মানেই পর্দায় এক আলাদা আভিজাত্য। ড্যানিয়েল ক্রেইগের বিদায়ের পর নতুন বন্ড কে হচ্ছেন, তা নিয়ে ভক্তদের কৌতূহল এখনো কাটেনি। অনেকের নামই আসছে। তবে সম্প্রতি ক্যালাম টার্নারের প্রশংসা করলেন সাবেক জেমস বন্ড অভিনেতা পিয়ার্স ব্রসনান।

কয়েক দশকে একাধিক অভিনেতা নিজেদের মতো করে ফুটিয়ে তুলেছেন এই জনপ্রিয় চরিত্র। তাদের একজন পিয়ার্স ব্রসনান। ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত চারটি সিনেমায় বন্ডের ভূমিকায় অভিনয় করা এই আইরিশ অভিনেতাও অপেক্ষায় আছেন নতুন বন্ডের নাম ঘোষণার। সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে তার পছন্দ ক্যালাম টার্নার।

সম্প্রতি ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে টার্নারের প্রশংসা করে ব্রসনান বলেন, ‘ক্যালাম টার্নারের সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সে বেশ শক্তিশালী একজন অভিনেতা।’

২০১৭ সালে দ্য অনলি লিভিং বয় ইন নিউইয়র্ক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। ব্রসনানের মতে, বন্ড চরিত্রের জন্য অভিনয় দক্ষতার পাশাপাশি শারীরিক গঠন ও পর্দায় উপস্থিতিরও গুরুত্ব রয়েছে।

পিয়ার্স ব্রসনান: ছবি: এসকোয়ার

তবে নিজের পছন্দের কথা জানালেও নতুন বন্ড কে হবেন, তা নিয়ে আগাম কিছু বলতে চান না ব্রসনান। তার ভাষায়, ‘এখন আমি কেবল একজন দর্শক। অন্য সবার মতো আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি, কে এই চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তা জানার জন্য।’

ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, এই দৌড়ে টার্নারের পাশাপাশি রয়েছেন স্লো হর্সেস তারকা জ্যাক লোডেন। আলোচনায় আছে জশ ও’কনর ও জ্যাকব এলর্দির নামও। শেষ পর্যন্ত যিনি রূপালী পর্দায় পিস্তল হাতে দাঁড়াবেন, তার প্রতি শুভকামনা জানিয়ে ব্রসনান বলেন, ‘যিনিই এই চরিত্রে অভিনয় করুন না কেন, তার জন্য শুভকামনা রইল। তার শক্তি ও সাহস কামনা করি।’

সূত্র: ভ্যারাইটি

আরও