বক্স অফিসে নতুন ইতিহাস গড়লেন সামান্থা রুথ প্রভু

তেলেগু সিনেমার বক্স অফিসে নতুন মাইলফলক স্পর্শ করলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

প্রায় দেড় দশক ধরে অক্ষত থাকা অনুষ্কা শেঠির রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। সম্প্রতি মুক্তি পাওয়া সামান্থা অভিনীত নারীপ্রধান চলচ্চিত্র ‘মা ইন্তি বাঙ্গারাম’ বক্স অফিসে ঝড় তুলেছে। গত ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তির পর মাত্র ১০ দিনের মাথায় বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৭৮ কোটি রুপিরও বেশি। এর মাধ্যমেই ভেঙে গেছে ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত অনুষ্কা শেঠির ‘অরুন্ধতী’র ৭০ কোটি রুপির আয়ের রেকর্ড।

এ সাফল্যের ওপর ভর করে তেলেগু সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী নারীপ্রধান চলচ্চিত্রের তালিকায় নিজের নাম লিখিয়েছেন সামান্থা। বর্তমানে এ তালিকার শীর্ষস্থানটি দখল করে আছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত কীর্তি সুরেশ অভিনীত ‘মহানতি’, যার মোট আয় ছিল ৮৩ কোটি রুপি।

তবে বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, প্রেক্ষাগৃহে ‘মা ইন্তি বাঙ্গারাম’ যেভাবে দাপট দেখাচ্ছে, তাতে কয়েক দিনের মধ্যেই মহানতির রেকর্ড ভেঙে এটি তেলেগু সিনেমার সর্বোচ্চ আয়কারী নারীপ্রধান সিনেমা হিসেবে নতুন ইতিহাস গড়বে।

দীর্ঘদিন ধরে তেলেগু ইন্ডাস্ট্রিতে পুরুষকেন্দ্রিক বা নায়কপ্রধান গল্পের আধিপত্য লক্ষ করা গেছে। সেখানে দাঁড়িয়ে পুরোপুরি নারীপ্রধান একটি সিনেমার এমন রেকর্ডব্রেকিং বাণিজ্যিক সাফল্যকে ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক পরিবর্তনের বড় ইঙ্গিত হিসেবে দেখছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

বিভি নন্দিনী রেড্ডি পরিচালিত এ পারিবারিক সিনেমায় সামান্থা রুথ প্রভুর অভিনয়ের পাশাপাশি আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গুলশান দেবাইয়া, দিগন্ত মানচালে, চৈতন্য কৃষ্ণ ও শ্রীমুখী।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরও