‘ব্রেকিং ব্যাড’ সিরিজে ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করেছেন আরজে মিটি। মাত্র ৩৪ বছর বয়সে মারা গেলেন তিনি। ভ্যারাইটির প্রতিবেদনে জানা যায়, গতকাল (১২ অক্টোবর) মিটির মৃত্যু হয়। মিটির এক প্রতিনিধি ভ্যারাইটিকে এ খবর নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
ভিন্স গিলিগানের নির্মিত জনপ্রিয় সিরিজ ‘ব্রেকিং ব্যাড’। এই সিরিজের প্রধান চরিত্র ওয়াল্টার হোয়াইট। তার ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন মিটি। সিরিজটিকে টেলিভিশনের ইতিহাসের অন্যতম সেরা অনুষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়। সিরিজে মিটির অভিনীত ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রটির মতো মিটিও সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছিলেন। তার এই গুরুত্বপূর্ণ অভিনয় সেরিব্রাল পালসি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখে। অভিনয়জীবনজুড়েই হলিউডে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার পক্ষে সোচ্চার ছিলেন তিনি।
মিটির এক প্রতিনিধি বিবৃতিতে বলেন, “প্রিয় অভিনেতা, মানবহিতৈষী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের একনিষ্ঠ প্রবক্তা আরজে মিটির মর্মান্তিক প্রয়াণের খবর গভীর শোকের সঙ্গে জানাচ্ছি। সেরিব্রাল পালসি নিয়ে নিজের জীবনযাপনের অভিজ্ঞতা থেকে মিটি তার অভিনীত চরিত্রে বাস্তবতার ছাপ ফুটিয়ে তুলেছিলেন। একই সঙ্গে প্রতিবন্ধিতা সম্পর্কে সচেতনতা ও অন্তর্ভুক্তির পক্ষে কাজ করার জন্য একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন।’
ইউনাইটেড সেরিব্রাল পালসি এবং ‘শ্রাইনার্স চিলড্রেনস’-এর দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন মিটি। পাশাপাশি, নিজের প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা মিটি ফাউন্ডেশনের সভাপতি ছিলেন তিনি। সংস্থাটি বিভিন্ন মানবহিতৈষী উদ্যোগে সহায়তা করার পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা ও গতানুগতিক দৃষ্টিভঙ্গি ভাঙতে কাজ করত।
মৃত্যুর আগে নতুন সিনেমা ‘টকিং টু স্ট্রেঞ্জার্স’-এর প্রচারে ব্যস্ত ছিলেন মিটি। মৃত্যুর মাত্র কয়েক দিন আগেও বিভিন্ন পডকাস্টে অংশ নিয়েছিলেন তিনি।
সূত্র: ভ্যারাইটি