সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জীবনের প্রথম একক কনসার্টে গান গেয়ে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন অপূর্ব। কনসার্টের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আরো একক কনসার্টের প্রস্তাব পেয়েছেন তিনি। তবে আপাতত সেসব প্রস্তাবে সাড়া না দিয়ে দেশে ফিরে অভিনয়ে মনোযোগ দিয়েছেন এ অভিনেতা।
দেশে ফেরার পর নির্মাতা মাশরিকুল আলম ও মাহমুদুর রহমান হিমির নাটকে অভিনয় করেছেন অপূর্ব। আগামী কিছুদিনের মধ্যে সৈয়দ শাকিল, রুবেল হাসান, জাকারিয়া সৌখিন, মুরসালিন শুভ ও এসআর মজুমদারের নাটকে কাজ করবেন তিনি। এ সময়ের মধ্যে আটটি নাটকের কাজ শেষ করে আবার যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। সেখান থেকে ফিরে পরবর্তীতে দীর্ঘদিন দেশে অবস্থান করে অভিনয়ে ব্যস্ত থাকবেন বলে জানিয়েছেন অপূর্ব।
যুক্তরাষ্ট্রে জীবনের প্রথম একক কনসার্টের অভিজ্ঞতা জানিয়ে অপূর্ব বলেন, ‘যেহেতু এটা ছিল আমার জীবনের প্রথম কনসার্ট, তাই আমার ওপর অনেক চাপ ছিল। আমরা কোনো স্পন্সর নিইনি, সেজন্য চাপ ও চ্যালেঞ্জটা অনেক বেশি ছিল। প্রথম দিকে একটু ভয়ে ছিলাম। পরবর্তী সময়ে ঘোষণা দেয়ার পর দেখলাম, একটু একটু করে আমার কনসার্ট দেখার জন্য সবার মধ্যে প্রবল আগ্রহের সৃষ্টি হয়েছে। শুধু নিউইয়র্ক থেকেই নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আমার কনসার্ট উপভোগ করতে দর্শক এসেছিলেন। যুক্তরাষ্ট্রে আমার অনেক সহশিল্পীও এই কনসার্টে যোগ দেন।’
তিনি আরো বলেন, ‘আমার জীবনের প্রথম গানের অনুষ্ঠান অবিশ্বাস্য এক স্মরণীয় সন্ধ্যায় পরিণত হয়। গান গেয়েছি, গানের ফাঁকে ফাঁকে কথা বলেছি, কখনো হেসেছি, কখনো কেঁদেছি, আবেগে ভেসেছি। আমি সবার ভালোবাসায় মুগ্ধ, অভিভূত।’
দেশে ফিরে টানা নাটকে কাজ করা প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘কনসার্টের রেশ কাটতে না কাটতেই দেশে ফিরে কাজে ব্যস্ত হয়ে উঠেছি। যাদের নাটকে কাজ করছি বা করব, প্রত্যেকের নাটকেরই গল্প এক কথায় অসাধারণ। বিশেষত সৈয়দ শাকিল ভাইয়ের নাটকের গল্পটা জীবন থেকে নেয়া। আমার বিপরীতে সময়ের দর্শকপ্রিয় শিল্পীরাই কাজ করবেন। আমার ভক্ত-দর্শকের কথা মাথায় রেখেই ভালো ভালো গল্পের নাটকে কাজ করছি। আশা করছি, প্রতিটি নাটকই দর্শকের ভালো লাগবে।’