হলিউডের তারকাবহুল আয়োজন একাডেমি মিউজিয়াম গালা। এর লালগালিচা তারকাদের জন্য উন্মুক্ত হয়েছে। এবারো বছরের অন্যতম জাঁকজমকপূর্ণ তারকা সমাবেশে পরিণত হতে যাচ্ছে অনুষ্ঠানটি। আয়োজনে উপস্থিত থাকার কথা সংগীত, চলচ্চিত্র ও বিনোদনজগতের বহু পরিচিত মুখের। এ আয়োজনে পারফর্ম করেন টেইলর সুইফট।
লালগালিচায় টেইলর সুইফট, কনর স্টোরি, জেসিকা বিয়েল ও জাস্টিন টিম্বারলেক, কিম কার্দাশিয়ান, জ্যাকব এলর্দি, কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া, সালমা হায়েক, ইন্দে নাভারেত্তে, নিয়াহ লং, ম্যাকেনা গ্রেস, রোজে, সাবরিনা কার্পেন্টার, ড্রু স্টারকি, জানেল মোনে, পামেলা অ্যান্ডারসন, চার্লস মেলটন, আলেকজান্ডার স্কারসগার্ড ও টম ফোর্ডসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ষষ্ঠবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য একাডেমি মিউজিয়াম অব মোশন পিকচার্সের কার্যক্রমে সহায়তা করা। এবারের আয়োজনে বিশেষ সম্মাননা পান তিনজন বিশিষ্ট ব্যক্তিত্ব। চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আইকন অ্যাওয়ার্ড পেলেন চার্লিজ থেরন। ভ্যান্টেজ অ্যাওয়ার্ড কোলম্যান ডোমিঙ্গো এবং লুমিনারি অ্যাওয়ার্ডে সম্মানিত করা হচ্ছে জন কার্পেন্টারকে।
এবারের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন টেইলর সুইফট। তিনিই আসরে সবচেয়ে বেশি নজর কেড়েছেন। একাডেমি মিউজিয়াম গালায় বরফনীল গাউনে উপস্থিত হন তিনি। ডিওরের ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাথন অ্যান্ডারসনের নকশা করা গাউনটিতে ছিল স্ট্র্যাপলেস নেকলাইন, কোমল ভাঁজে সাজানো বডিস এবং সূক্ষ্ম প্লিটের বিশাল স্কার্ট। পোশাকটির পেছনে থাকা দীর্ঘ ট্রেন তার অবয়বে এনেছে নাটকীয়তা ও গতিময়তা। নেকলাইনে বসানো অলংকৃত ক্রিস্টালের বোও গাউনটির সৌন্দর্যে যোগ করেছে বাড়তি মাত্রা।
প্রতিবেদন অনুযায়ী, পোশাকের সঙ্গে সুইফট পরেছিলেন শোপার্ডের হাউট জুয়েলারি কালেকশনের হীরার গহনা। তার অলংকারের মধ্যে ছিল ৩২ দশমিক ৪০ ক্যারেট হীরা বসানো প্লাটিনামের কানের দুল, ৫ দশমিক ৭৮ ক্যারেট হীরাখচিত সোনার আংটি এবং প্লাটিনাম ও হীরার তৈরি একটি ব্রেসলেট।
গালার সন্ধ্যায় ‘টয় স্টোরি’র ‘আই নিউ ইট, আই নিউ ইউ’ পরিবেশন করেন সুইফট। ২০২৭ সালের একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা মৌলিক গানের বিভাগে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে অস্কারে গানটির মনোনয়নের বিষয়টি এখনো নিশ্চিত নয়।
অনুষ্ঠানের আগে একাডেমি মিউজিয়াম ও একাডেমি কালেকশনের পরিচালক ও সভাপতি অ্যামি হোমা সুইফটকে স্বাগত জানানোর বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘টেইলর অসাধারণ প্রতিভার অধিকারী একজন শিল্পী, যার কাজ বিশ্বজুড়ে মানুষের সঙ্গে সংযোগ তৈরি করে। এবারের গালায় তাকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তিনজন অসাধারণ চলচ্চিত্র নির্মাতাকে সম্মান জানানো এবং সিনেমার ইতিহাস সংরক্ষণ ও উদযাপনে একাডেমি মিউজিয়ামের লক্ষ্যকে এগিয়ে নেয়ার এ সুন্দর সন্ধ্যার সমাপ্তিতে তার পরিবেশনার জন্য আমরা অপেক্ষা করছি।’
রোলেক্সের উপস্থাপনায় আয়োজিত গালাটির সহসভাপতির দায়িত্বে রয়েছেন রবার্ট রদ্রিগেজ, স্টিভেন স্পিলবার্গ ও কেট ক্যাপশ।
অনুষ্ঠানের হোস্ট কমিটিতে রয়েছেন জেসিকা অ্যালবা, জাড অ্যাপাটো ও লেসলি মান, অটাম ডুরাল্ড আরকাপ, অ্যাড্রিয়েন ব্রডি ও জর্জিনা চ্যাপম্যান, জন এম চু, কার্স্টেন ডানস্ট, নিকোলাস গ্যালিটজিন, লুডভিগ ও সেরেনা গোরানসন, রেজিনা হল, কেট হাডসন, জেসিকা ল্যাঞ্জ, গ্রেটা লি, জন লেজেন্ড ও ক্রিসি টেইগেন, রামি মালেক, ডেমি মুর, অলিভিয়া মুন, জিনা প্রিন্স-বাইদউড, কুয়েস্টলাভ, ডা’ভাইন জয় র্যান্ডলফ, শেঠ রোজেন ও লরেন মিলার রোজেন, বার্ড রানিংওয়াটার ও তেয়ানা টেলর।
চলচ্চিত্রের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে কাজ করা একাডেমি মিউজিয়ামের জন্য তহবিল সংগ্রহের পাশাপাশি এ আয়োজন হলিউডের তারকাদের একত্র হওয়ার গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবেও পরিচিত। সম্মাননা প্রদান, সংগীত পরিবেশনা এবং তারকাদের উপস্থিতিতে এবারের গালাও বিনোদনজগতের অন্যতম আলোচিত আয়োজনে পরিণত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
সূত্র: ভ্যারাইটি