করোনা মহামারীর ধকল সেরে ফের চাঙ্গা হয়ে উঠছে সংগীতাঙ্গন। কনসার্টে ফিরছে জনপ্রিয় ব্যান্ডগুলো। দীর্ঘদিন ধরে দেশের কিংবদন্তি ব্যান্ড তারকা ‘নগরবাউল’খ্যাত জেমসও নেই কোনো কনসার্টে। জেমস ভক্তদের এ নিয়ে মন খারাপের নিশ্চয়ই শেষ ছিল না। এবার তাদের জন্য এল দারুণ খবর। কনসার্টে ফিরছেন এ মহাতারকা।
১২ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট নভেম্বর রেইন। এ কনসার্টের প্রধান আকর্ষণ হয়ে মঞ্চে উঠবেন জেমস। এ বিষয়ে জেমসের মুখপাত্র রবিন ঠাকুর বলেন, ‘তিনি ফিরছেন। ১২ নভেম্বর কনসার্টে গাইবেন তিনি, বিষয়টি নিশ্চিত।’
কনসার্টটি আয়োজন করছেন ব্র্যান্ডমিথ কমিউনিকেশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নগরবাউল ছাড়াও এতে আরো সাতটি ব্যান্ড অংশ নেবে। এগুলো হলো আর্টসেল, ক্রিপটিক ফেইট, ভাইকিং, ব্ল্যাক, প্লাজমিক নক, স্যাভাজেরি ও ফিউজ। জানা যায়, কনসার্টে যোগ দেয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করে টিকিট কেনা যাবে। টিকিটের মূল্য দ্রুতই বিস্তারিত জানাবেন আয়োজকরা।
রবিন ঠাকুর জানালেন, শুধু এ কনসার্টেই নয়, এবার টানা কনসার্টে দেশ মাতাবেন জেমস। করোনা মহামারীতে জেমস যে থেমে যাননি তা-ই প্রমাণ হবে। রবিন বলেন, ‘আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত একটানা কনসার্টে থাকবেন জেমস। এরই মধ্যেই সব চূড়ান্ত হয়ে গেছে। ডেটগুলো লক করা হয়ে গেছে। আশা করছি, সব ঠিক থাকলে জেমস নিয়মিতই কনসার্ট করবেন।’
তবে কখন কোন কনসার্ট হবে তা সময় হলেই জানানো হবে বলে জানান নগরবাউল জেমসের এ মুখপাত্র।