শেষ হলো ভেনিস চলচ্চিত্র উৎসব। গত শনিবার রাতে ভেনিসের সমাপ্তির পাশাপাশি পুরস্কারও ঘোষণা করা হয়। এ আসরে সেরা চলচ্চিত্রের জন্য মর্যাদাপূর্ণ গোল্ডেন লায়ন জিতে নিয়েছে মে এল-তুকির ‘উইম্যান আননোন’।
পুরস্কার গ্রহণের সময় আবেগঘন বক্তব্যে নারী নির্মাতাদের স্বল্পতার প্রসঙ্গ তুলে ধরেন এল-তুকি। তিনি বলেন, ‘এ মহান সম্মানের জন্য জুরিকে ধন্যবাদ। বিশেষভাবে তোমাকে, ম্যাগি (জুরিপ্রধান)। নারী নির্মাতাদের সমান সুযোগের কথা তুমি বলেছ। আমার সিনেমাটির জন্য আর্থিক, বাস্তব ব্যবস্থাপনা ও আবেগ সব দিক থেকেই পুরো বিষয়টা অত্যন্ত কঠিন ছিল। আমাকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে আমাদের অভিন্ন ইতিহাসের অজানা নারীদের সামনে নিয়ে আসা, তাদের পরিচিত করে তোলার তাগিদ। আজ রাতে বিশেষভাবে মনে হচ্ছে, আমি সেটি করতে পেরেছি।’
এবারের আসরে নারী নির্মাতাদের স্বল্প অংশগ্রহণ সবাইকে বিস্মিত ও বিব্রত করেছিল। অন্যদিকে আসরের জুরিপ্রধান একজন নারী। সব মিলিয়ে তুকির পুরস্কার হয়তো বিষয়টাকে একটা সাম্যাবস্থায় এনেছে।
একই সিনেমার জন্য অভিনেত্রী ম্যাথিল্ড আর্সেল সেরা অভিনেত্রীর জন্য ভলপি কাপ জিতে নেন। পুরস্কার গ্রহণের সময় তার সরল ও কিছুটা অপ্রস্তুত বক্তব্যে দর্শকের মন জয় করেন ড্যানিশ এ অভিনেত্রী। আবেগাপ্লুত আর্সেল বলেন, ‘এই প্রথম কোনো সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করলাম। পুরস্কারের ক্ষেত্রেও প্রথম। নিজেকে খুব ভাগ্যবান মনে করছি যে ভেনিসে আপনাদের সঙ্গে এ অভিজ্ঞতা হচ্ছে।’
‘ওয়াইল্ড হর্স নাইন’-এ এক সিআইএ এজেন্টের চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার ভলপি কাপ পেয়েছেন জন মালকোভিচ। ৭২ বছর বয়সী এ অভিনেতাকে ঘিরে এরই মধ্যে অস্কারের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে মন্ট্রিয়লে অন্য একটি সিনেমার শুটিংয়ে থাকায় তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। ভিডিও বার্তার মাধ্যমে জুরিকে ধন্যবাদ জানান মালকোভিচ। তিনি বলেন, ‘এ পুরস্কারের জন্য আমাকে বেছে নেয়ায় আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি। ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮৩টি আসরে অসংখ্য অসাধারণ অভিনেতাকে এ পুরস্কার দেয়া হয়েছে। আমাকে এ সম্মান দেয়ার জন্য জুরিকে ধন্যবাদ।’
উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড জুরি প্রাইজ পেয়েছে লি চ্যাং-দং পরিচালিত ‘পসিবল লাভ’। সিনেমাটি আন্তর্জাতিক ফিচার বিভাগে অস্কারের দৌড়ে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিত্ব করবে। সেরা পরিচালকের জন্য সিলভার লায়ন পেয়েছেন রুশ নির্মাতা ইলিয়া খ্রজানভস্কি। দুই দশক ধরে নির্মাণাধীন ৩ ঘণ্টা ১৫ মিনিটের সিনেমা ‘ডিএইউ’ তাকে এ পুরস্কার এনে দিয়েছে।
পুরস্কারটি উৎসর্গ করে তিনি বলেন, এ ভয়াবহ যুদ্ধে স্বাধীনতা, শান্তি, বিজয় ও নিজেদের বিশ্বাসের জন্য লড়াই করা ইউক্রেনীয়দের উদ্দেশে এটি উৎসর্গ করতে চান। ‘নো আদার ল্যান্ড’-এর ইসরায়েলি সহপরিচালক ইউভাল আব্রাহাম ও র্যাচেল জোর নির্মিত গাজা সংঘাতের শক্তিশালী প্রামাণ্যচিত্র ‘নাজা’ পেয়েছে স্পেশাল জুরি প্রাইজ। জুরি সভাপতি ম্যাগি জিলেনহালের সঙ্গে এবারের প্রতিযোগিতা বিভাগের জুরিতে ছিলেন ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’ নির্মাতা কাওথার বেন হানিয়া, হংকংয়ের খ্যাতিমান নির্মাতা জনি তো, আফগান নির্মাতা শাহরবানু সাদাত, ফরাসি পরিচালক ও চিত্রনাট্যকার জাভিয়ের জিওনোলি, ‘দ্য ব্রুটালিস্ট’-এর সুরকার ড্যানিয়েল ব্লুমবার্গ এবং যুক্তরাষ্ট্রভিত্তিক ইতালীয় চলচ্চিত্র গবেষক ফ্রান্সেস্কো ক্যাসেত্তি।