যুক্তরাষ্ট্রের বস্টনের কাছে জিলেট স্টেডিয়ামে গত শুক্রবার রাতে কনসার্টে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা টি-শার্ট পরে গান গেয়েছেন কান্ট্রি সংগীতশিল্পী জ্যাক ব্রায়ান। কয়েক সপ্তাহ আগে এ স্টেডিয়ামের মালিক রবার্ট ক্রাফট অভিযেোগের মুখে পড়েন। কারণ ফিলিস্তিনপন্থী মন্তব্যের জেরে এড শিরানের ট্যুর থেকে র্যাপার ম্যাকলমোরকে বাদ দিতে চাপ দেন তিনি। খবর এনবিসি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ৩০ বছর বয়সী ব্রায়ান কনসার্টে কালো রঙের হাতাকাটা টি-শার্ট পরে আছেন। আর টি-শার্টে সাদা অক্ষরে লেখা ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’। রবার্ট ক্রাফট নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের মালিক এবং তিনি ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত।
গত মাসে র্যাপার ম্যাকলমোর বলেছিলেন, ট্যুরের নিউ জার্সির অনুষ্ঠানগুলোয় ফিলিস্তিনিদের সমর্থনে কথা বলার পর ক্রাফটের চাপে তাকে শিরানের ট্যুর থেকে বাদ দেয়া হয়।
এ বিষয়ে মন্তব্যের অনুরোধে ক্রাফট তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। তবে তিনি বলেছেন, তিনি ফিলিস্তিনিদের সমর্থন দমিয়ে দিতে চাননি; বরং শিরানের ট্যুরের জন্য জিলেট স্টেডিয়ামে একটি ‘সবার জন্য অনুকূল পরিবেশ’ নিশ্চিত করতে চেয়েছিলেন।
ম্যাকলমোরকে ট্যুর থেকে বাদ দেয়ার প্রতিবাদে শিরানের উদ্বোধনী পরিবেশনা থেকে অ্যারন রো, লুকাস গ্রাহাম, ফিনিয়াস এবং তার হাউজ ব্যান্ড বিওগাও ট্যুর থেকে সরে দাঁড়ান।
ম্যাকলেমোরকে বাদ দেয়ার খবর প্রকাশের পর নিজের প্রথম কনসার্টে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন শিরান। তিনি বলেন, ‘আমি কখনোই অ্যাক্টিভিস্ট সংগীতশিল্পী হতে চাইনি। কিন্তু এই ঘটনা আমাকে বাক্স্বাধীনতা এবং বিশ্বের সবচেয়ে জটিল রাজনৈতিক ইস্যু নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও তীব্র বিতর্কের মাঝখানে এনে দিয়েছে।’
গত সপ্তাহে ম্যাকলমোর শরতের জন্য ‘ফ্রি প্যালেস্টাইন ট্যুর’ ঘোষণা করেছেন। তবে সেই ট্যুরের কোনো আয়োজনে জিলেট স্টেডিয়াম থাকছে না।
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত কয়েক দশক ধরে পপ সংস্কৃতির অঙ্গনেও বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে আছে।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, গাজায় ইসরায়েলের যুদ্ধে ৭০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর এই যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হন।
এই যুদ্ধকে ঘিরে মতপার্থক্য স্থানীয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থেকে শুরু করে নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটের প্রদর্শনী পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রেও প্রভাব ফেলেছে।
জ্যাক ব্রায়ান ‘সামথিং ইন দ্য অরেঞ্জ’, কেসি মাসগ্রেভসকে নিয়ে করা ‘আই রিমেম্বার এভরিথিং’ এবং ‘পিঙ্ক স্কাইজ’ গানগুলোর জন্য সবচেয়ে বেশি পরিচিত। গ্র্যামি পুরস্কারজয়ী এই শিল্পী কয়েক বছর মার্কিন নৌবাহিনীতে দায়িত্ব পালন করেছেন। একই সময়ে তিনি সংগীত লেখা ও রেকর্ডিং চালিয়ে গেছেন।