ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির (ডব্লিউবিডি) নিয়ন্ত্রণ নিতে সরাসরি শেয়ারহোল্ডারদের কাছে সম্পূর্ণ নগদ অর্থ নিয়ে হাজির হয়েছে প্যারামাউন্ট। এর মাধ্যমে তারা গত শুক্রবার ডব্লিউবিডির সঙ্গে হওয়া নেটফ্লিক্সের চুক্তিকে চ্যালেঞ্জ জানিয়েছে। প্যারামাউন্ট বলছে, তাদের প্রস্তাবের মোট মূল্য ১০৮ দশমিক ৪ বিলিয়ন ডলার, যা নেটফ্লিক্সের ৮২ দশমিক ৭ বিলিয়ন ডলারের অফারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। তাছাড়া, নেটফ্লিক্সের অফারে ডব্লিউবিডির কেবল নেটওয়ার্কগুলো অন্তর্ভুক্ত নয়। খবর সিএনএন।
প্যারামাউন্টের প্রধান নির্বাহী ডেভিড এলিসন জানান, তাদের প্রস্তাব নেটফ্লিক্সের তুলনায় ১৭ দশমিক ৬ বিলিয়ন ডলার বেশি এবং সেটা নগদ মূল্যে পরিশোধ করা হবে। প্যারামাউন্ট পুরো কোম্পানি কেনার জন্য শেয়ারপ্রতি ৩০ ডলার অফার করেছে, যেখানে নেটফ্লিক্সের অফার ছিল গড়ে ২৭ দশমিক ৭৫ ডলার, তার মধ্যে একটি অংশ শেয়ারভিত্তিক।
ওয়ার্নার ব্রস. ডিসকভারির জন্য প্যারামাউন্টকে প্রথম সারির দাবিদার মনে করা হলেও, ডব্লিউবিডি বোর্ড শেষ পর্যন্ত নেটফ্লিক্সের প্রস্তাব গ্রহণ করে, যা তাদের কাছে 'বেশি লাভজনক' মনে হয়েছিল। এ সিদ্ধান্তে হলিউডের ভেতরের মানুষজন এবং প্যারামাউন্টের সিইও ডেভিড এলিসনও বিস্মিত হন।
ডব্লিউবিডি ঘোষণা করেছে যে, নতুন অফারটি তারা ১০ কার্যদিবসের মধ্যে মূল্যায়ন করে শেয়ারহোল্ডারদের জন্য সুপারিশ দেবে। এরইমধ্যে বাজারে সম্ভাব্য বিডিং যুদ্ধের ইঙ্গিত মিলেছে—ডব্লিউবিডির শেয়ার ৫ শতাংশ ও প্যারামাউন্টের শেয়ার ৭ শতাংশ বেড়েছে। অন্যদিকে, নেটফ্লিক্স কমেছে ৩ শতাংশ।
এলিসন যুক্তি দিয়েছেন, নেটফ্লিক্স ও এইচবিও ম্যাক্স একীভূত হলে ‘অ্যান্টিট্রাস্ট’ উদ্বেগ তৈরি হতে পারে, যেখানে প্যারামাউন্টের প্রস্তাব তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ। তিনি দাবি করেন, নেটফ্লিক্স–ডব্লিউবিডি চুক্তি হলিউডের থিয়েট্রিক্যাল ফিল্ম ব্যবসাকে ক্ষতির মুখে ফেলবে।
ভবিষ্যৎ পরিকল্পনায় এলিসন বলেন, এই অধিগ্রহণ হলে প্যারামাউন্ট ওয়ার্নার ব্রস. মিলিয়ে একটি শক্তিশালী প্রতিযোগী তৈরি করবে—যারা বছরে ৩০টি চলচ্চিত্র প্রেক্ষাগৃহে মুক্তি দেবে এবং বাজারে নতুন ভারসাম্য আনবে। সংবাদ বিভাগে তিনি সিবিএস নিউজ ও সিএনএনকে একত্র করার ইচ্ছাও প্রকাশ করেন।
প্যারামাউন্টের চুক্তি সফল হলে নেটফ্লিক্সকে ডব্লিউবিডির ২ দশমিক ৮ বিলিয়ন ডলার ব্রেকআপ ফি দিতে হবে।