নব্বই দশকের গল্পে লাবণ্য চৌধুরী

বিজ্ঞাপনচিত্রে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন লাবণ্য চৌধুরী। ছোট ও বড় পর্দায় বিভিন্ন চরিত্রে অভিনয় করে ক্যারিয়ারে নিজের জায়গা তৈরি করেছেন এ অভিনেত্রী।

নতুন একটি ওয়েব ফিল্ম নিয়ে দর্শকের সামনে আসছেন লাবণ্য। নব্বই দশকের প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘মিশন ডিডিএলজে’ ওয়েব ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন আসিফ জাহাঙ্গীর।

ওয়েব ফিল্মটি প্রসঙ্গে লাবণ্য বলেন, ‘নব্বই দশকের লাভ স্টোরি আমি অনেক পছন্দ করি। সেই জায়গা থেকেই সিনেমাটি করছি। এতে দিয়া চরিত্রে অভিনয় করেছি। দিয়া খুব চঞ্চল একটা মেয়ে। ওর নব্বই দশকের লাভ স্টোরিগুলো অনেক পছন্দ। ও স্বপ্ন দেখে, তার জীবনেও যেন নব্বই দশকের মতো লাভ স্টোরি আসে। আশা করছি দর্শকদের কাছেও ভালো লাগবে।’

‘মিশন ডিডিএলজে’ নামের কারণে বলিউডের জনপ্রিয় সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র সঙ্গে অনেকে মিল খুঁজছেন। বিষয়টি নিয়ে লাবণ্য বলেন, ‘শুধু ডিডিএলজে নয়, নব্বই দশকের বেশ কয়েকটি সিনেমা থেকে অনুপ্রাণিত হয়েই মিশন ডিডিএলজে নির্মিত হয়েছে।’

শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পর মূল চরিত্রে অভিনয়ের সুযোগ তৈরি করা কঠিন ছিল তার জন্য। লাবণ্য বলেন, ‘যেহেতু আমি চাইল্ড আর্টিস্ট হিসেবে এসেছিলাম, সেখান থেকে একদম মূল চরিত্রগুলোয় অভিনয় করা আমার জন্য একটু টাফ ছিল। সবাইকে ট্রাস্ট করানো সহজ ছিল না। শিশুশিল্পী হিসেবে পরিচিত হয়ে গেলে দর্শকের কাছেও সেই পরিচয় থেকে বেরিয়ে আসা কঠিন। আমাকেও অনেক স্ট্রাগল করতে হয়েছে।’

লাবণ্যর অভিনয়জীবনে হমায়ূন আহমেদের গল্পও বিশেষ জায়গা করে নিয়েছে। ‘কৃষ্ণপক্ষ’, ‘দেবী’ ও ‘বনলতা এক্সপ্রেস’—হমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত তিনটি সিনেমায় কাজের সুযোগ পেয়েছেন তিনি। বিষয়টিকে নিজের সৌভাগ্য হিসেবেই দেখেন এ অভিনেত্রী।

লাবণ্য বলেন, ‘সবাই হyমায়ূন আহমেদ স্যারের গল্পে কাজ করার সুযোগ পান না। কিন্তু লাকিলি আমি তার তিনটি গল্পে কাজ করার সুযোগ পেয়েছি। বিষয়টি কাকতালীয় কিনা জানি না, তবে নিজেকে অনেক লাকি মনে করি।’

বিভিন্ন সময়ে বৈচিত্র্যময় চরিত্রে দেখা গেছে লাবণ্যকে। ‘নকশীকাঁথার জমিন’-এ রাহেলার ছোটবেলা, ‘দেবী’তে রানুর ছোটবেলা এবং ‘প্রিয় সত্যজিৎ’-এ অপর্ণার মতো চরিত্রে অভিনয় করেছেন তিনি। সামনে আরো বৈচিত্র্যময় চরিত্রে কাজ করতে চান লাবণ্য।

একই ধরনের চরিত্রে আটকে থাকতে চান না জানিয়ে লাবণ্য জানান, দর্শক যেন তাকে প্রতিবার নতুন রূপে দেখতে পান, সেটাই তার লক্ষ্য। এক ধারার গল্প বা চরিত্রে সীমাবদ্ধ না থেকে ভিন্ন ধরনের গল্প ও চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে আরো সমৃদ্ধ করতে চান এ অভিনেত্রী।

আরও