সিনেমা-সিরিজে তরুণ নির্মাতাদের চমক

দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকি। এটি এখন বিনোদনপ্রেমীদের অন্যতম নির্ভরযোগ্য নাম।

দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকি। এটি এখন বিনোদনপ্রেমীদের অন্যতম নির্ভরযোগ্য নাম। প্রেক্ষাগৃহের সংকট, দর্শকের রুচির পরিবর্তন ও কনটেন্টের প্রতিযোগিতার সময়েও প্লাটফর্মটি নিয়মিত নতুন কনটেন্ট উপহার দিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠার শুরু থেকেই বড় ক্যানভাসের সিনেমা, অরিজিনাল ফিল্ম, সিরিজসহ নানা ঘরানার কাজ দিয়ে আলোচনায় এসেছে চরকি। ২০২৫ সালও তার ব্যতিক্রম নয়। বরং চ্যালেঞ্জে ভরা বছরটিতেই প্লাটফর্মটি দেখিয়েছে সবচেয়ে বেশি বৈচিত্র্য।

চ্যালেঞ্জের বছরেও ২৭ কনটেন্ট: চ্যালেঞ্জিং ২০২৫ সালেও ওটিটি প্লাটফর্ম চরকি মুক্তি দিয়েছে ভিন্নধর্মী ২৭টি কনটেন্ট। এক বছরে এত কনটেন্ট মুক্তি শুধু চরকির জন্য নয়, দেশের কনটেন্ট শিল্পের জন্যও নতুন মাইলফলক। এসব কনটেন্টের মধ্যে ছিল বড় বাজেটের সিনেমা, নামকরা নির্মাতাদের সিরিজ, অরিজিনাল ফিল্ম, প্রেক্ষাগৃহ মাতানো চলচ্চিত্র ও তরুণ নির্মাতাদের নতুন কাজ।

বছরের শুরুতে আসে সুকর্ন সাহেদ ধীমান পরিচালিত সিরিজ ফেউ, যেখানে তুলে ধরা হয় মরিচঝাঁপি গণহত্যার ফিকশন গল্প। এরপর সৈয়দ আহমেদ শাওকীর প্রথম চরকি-প্রকল্প গুলমোহর মুক্তি পায়। মাঝামাঝি সময়ে আসে প্লাটফর্মের জনপ্রিয় চরিত্র অ্যালেন স্বপনের দ্বিতীয় সিজন মাইসেলফ অ্যালেন স্বপন সিজন–২। বড় ক্যানভাস, নতুন গল্প ও নির্মাণে বৈচিত্র্য সব মিলিয়ে এগুলো ছিল বছরের আলোচিত কনটেন্ট।

চ্যালেঞ্জের মুখে বড় প্রজেক্ট: প্রশ্ন আসে এ বছরেই কেন এত বড় বড় প্রজেক্ট? উত্তরে চরকির প্রধান নির্বাহী ও নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘‌দেশের সামগ্রিক পরিস্থিতি সবকিছুর মতোই বিনোদন জগতেও প্রভাব ফেলেছে। দর্শক নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে, তাই এটি ছিল চ্যালেঞ্জের বছর। তবু চরকি বরাবরের মতোই চ্যালেঞ্জ গ্রহণ করেছে।’

রনি বলেন, ‘‌দেশ-বিদেশে বাংলা ভাষাভাষী দর্শকের কাছে চরকি একটি আস্থার নাম। তাই পরিস্থিতি যা-ই হোক, মানসম্মত কনটেন্ট দেয়া তাদের প্রথম দায়িত্ব। তার ভাষায়, ‘কনটেন্ট কত বড় সেটি ভাবনার বিষয় নয়, দর্শকের প্রতিশ্রুত ভালো কনটেন্ট দেয়াই আমাদের লক্ষ্য। আরো কঠিন সময় এলে আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করব।’

ঈদে একসঙ্গে চার সিনেমার চমক: ২০২৫-এ চরকির সবচেয়ে বড় আলোচনার জন্ম দেয় ঈদুল আজহায় একসঙ্গে চারটি জনপ্রিয় সিনেমা মুক্তি দিয়ে। ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া বরবাদ, দাগি, জংলি ও চক্কর ৩০২-এর প্রতি দর্শকের আগ্রহ থাকলেও হল সংকটে অনেকেই দেখতে পারেননি। সে চাহিদা মাথায় রেখে চারটি সিনেমাই ওটিটিতে একসঙ্গে মুক্তি দেয় চরকি।

এ বছরে আরো অন্যান্য সিনেমা মুক্তি: চরকির সহপ্রযোজনার কয়েকটি আলোচিত সিনেমা প্রথমে প্রেক্ষাগৃহে এবং পরে প্লাটফর্মে এসেছে। এর মধ্যে রয়েছে প্রিয় মালতী, তাণ্ডব, উৎসব, দাগি। এছাড়া প্লাটফর্মে মুক্তি পায় প্রশংসিত সিনেমা দেয়ালের দেশ, জয়া আর শারমিন, ইনসাফ।

রেদওয়ান রনি বলেন, ‘‌জনপ্রিয় ঘরানার পাশাপাশি গল্পনির্ভর সিনেমার সঙ্গেও থাকতে চায় চরকি। প্রেক্ষাগৃহে যেন তরুণদের সঙ্গে পরিবার নিয়ে দর্শক যেতে পারে, সে লক্ষ্যেই কাজ করছে তারা।’

তরুণ নির্মাতাদের বছর: ২০২৫ সালে তরুণ ও নবীন নির্মাতাদের কাজেও বিশেষ গুরুত্ব দিয়েছে চরকি। তরুণ নির্মাতা জাহিদ প্রীতমের অরিজিনাল ফিল্ম ঘুমপরীতে পারশা মাহজাবীনের অভিনয় নজর কাড়ে। নবীন নির্মাতা মাহমুদা সুলতানা রিমার লিটল মিস ক্যাওসে অভিনয় করেছে একদল তরুণ শিল্পী।

এ বছর মুক্তি পাওয়া পাঁচটি ফ্ল্যাশ ফিকশনের বেশির ভাগই ছিল তরুণ নির্মাতাদের কাজ। এছাড়া স্বাধীন চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমানের প্রিয় সত্যজিৎ এবং কামার আহমেদ সাইমনের একটি সূতার জবানবন্দীও মুক্তি পেয়েছে চরকিতে।

আরো নতুন কনটেন্ট: মুক্তি পেয়েছে রায়হান রাফীর অরিজিনাল ফিল্ম আমলনামা, শিহাব শাহীনের তোমার জন্য মন। বছরের শেষ মুক্তি হিসেবে ১০ ডিসেম্বর আসছে ডিমলাইট, যা ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের ষষ্ঠ সিনেমা। শরাফ আহমেদ জীবনের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, পারসা ইভানা ও তানজিকা আমিন।

নতুন বছরের প্রস্তুতি: রেদওয়ান রনি জানান, দেশ-বিদেশের সব ধরনের বাংলা ভাষাভাষী দর্শকের কথা মাথায় রেখে বৈচিত্র্যপূর্ণ কনটেন্ট নিয়ে কাজ করছে চরকি। নতুন বছরের জন্যও দারুণ সব কনটেন্ট তৈরি হচ্ছে। শিগগিরই এসব নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

আরও