মার্কিন পপ সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনকে নিয়ে তার ভক্তদের আগ্রহের শেষ নেই। গানের পাশাপাশি এ তারকার ব্যক্তিজীবন আজও ভাবায় ভক্তদের। কারণ তার জীবন নিয়ে রয়েছে অনেক ধোঁয়াশা। এবার মাইকেল জ্যাকসনের জীবন দেখা যাবে বড় পর্দায়। মাইকেল জ্যাকসনের বায়োপিক নির্মাণের ঘোষণা থেকেই ভক্তরা অপেক্ষায় ছিলেন এর মুক্তির তারিখ নিয়ে। সম্প্রতি ঘোষণা করা হয়েছে কবে মুক্তি পেতে যাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক সিনেমা মাইকেল। কানাডা ও যুক্তরাষ্ট্রভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান লায়ন্সগেট জানিয়েছে, ২০২৫ সালের ১৮ এপ্রিল মুক্তি পাবে মাইকেল সিনেমাটি। এর পরিবেশনার দায়িত্ব নিয়েছে ইউনিভার্সাল পিকচার্স।
বায়োপিকটি নির্মাণ করছেন আমেরিকান পরিচালক অ্যানটোইন ফুকুয়া। আর এতে মাইকেল জ্যাকসনের চরিত্রটি অভিনয় করবে গায়কের ভাতিজা জাফর জ্যাকসন। সিনেমাটির প্রযোজক গ্রাহাম কিং। লায়ন্সগেট বলছে, এ বায়োপিকের মধ্য দিয়ে মাইকেল জ্যাকসনের ব্যক্তিজীবনের বিভিন্ন প্রশ্নের উত্তর পাবেন তার ভক্তরা। তার ক্যারিয়ারের সূচনা, অর্জন থেকে শুরু করে অজানা অনেক তথ্য এ বায়োপিকে উঠে আসবে বলে দাবি করছে নির্মাতা প্রতিষ্ঠান লায়ন্সগেট।
চাচার অনুসরণে জাফর জ্যাকসনও পপ সংগীতকে ক্যারিয়ার করেছেন। ২০১৯ সালে তার প্রথম একক অ্যালবাম মুক্তি পায়। এর শিরোনাম ছিল ‘গট মি সিঙ্গিং’। আর এবার মাইকেল সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে জাফর জ্যাকসনের।
মার্কিন সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন বলছে, ২২ জানুয়ারি নির্মাণ শুরু হতে যাচ্ছে সিনেমাটির। মাইকেল সিনেমাটি প্রসঙ্গে প্রযোজক গ্রাহাম কিং বলেন, ‘মাইকেল সিনেমাটির মধ্য দিয়ে উঠে আসবে বিশ্বের অন্যতম মিউজিশিয়ানের পপ কিং হয়ে ওঠার গল্প। তার মানসিক দিকগুলো চিত্রায়ণ করা হবে এ সিনেমায়। চলচ্চিত্রটি একটি সিনেমাটিকভাবে তার অর্জন, সৃজনশীলতা ও ট্র্যাজেডি উপস্থাপন করবে। দর্শক তার দৃষ্টিভঙ্গিতেই সিনেমাটি দেখতে পারবে, যেমনটা আগে কখনো হয়নি।’
মাইকেল জ্যাকসনকে ‘কিং অব পপ’ বলা হয়। সত্যি পপ সংগীতের জগতে তিনি সবার সেরা। গান বা তার পোশাক সবকিছুর জন্যই তিনি ছিলেন সবার থেকে আলাদা। ২০০৯ সালে তার মৃত্যুর পর আজও ভক্তরা তাকে পপ কিং বলেই ডাকেন। বই ও তথ্যচিত্রে মাইকেল জ্যাকসনের জীবনের বিভিন্ন গল্প উঠে এসেছে বারবার। এবার বড় পর্দায় তাকে দেখার অপেক্ষা।
সূত্র: ভ্যারাইটি;