পাঁচ বছর পর আবার একসঙ্গে নতুন গান ‘দিওয়ানা দিল’-এ কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ নিরব। আরিফিন শুভ ও কেয়া পায়েল অভিনীত চরকি অরিজিনাল সিনেমা ‘হ্যাপিলি ম্যারিড’-এর জন্য তৈরি হয়েছে গানটি। গত শুক্রবার চরকির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় গানটি। এর কথা লিখেছেন জাহিদ প্রীতম। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
গানটি প্রকাশের পর শ্রোতাদের শোনার আমন্ত্রণ জানিয়ে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন জাহিদ নিরব। সেখানে ন্যান্সির সঙ্গে তার পুরনো স্মৃতির কথা তুলে ধরেন এ সংগীতশিল্পী। তিনি জানান, মুন্সীগঞ্জ শিল্পকলার দোতলায় বসে প্রথম সরাসরি ন্যান্সির গান শুনেছিলেন। সেদিন হাবিব ওয়াহিদের সঙ্গে ‘পৃথিবীর যত সুখ’ গানটি গাইছিলেন ন্যান্সি। সে স্মৃতি মনে পড়লে এখনো শিহরিত হন তিনি।
ন্যান্সির সঙ্গে প্রথম দ্বৈত গান গাওয়ার স্মৃতিও তুলে ধরেন জাহিদ নিরব। ২০২১ সালে ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ অনুষ্ঠানের জন্য ‘তোমাকে চাই’ গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন তারা। এরপর নিরবের বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। পাঁচ বছর পর আবার একসঙ্গে গাওয়া নিয়ে নিরব লেখেন, ন্যান্সি কথা বললেই যেন গান হয়ে যায়।
‘দিওয়ানা দিল’ গানটি পরিচালনা করেছেন জাহিদ প্রীতম, যিনি সিনেমাটিরও পরিচালক। প্রকাশের পর গানটি শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। দুদিনে চরকির ইউটিউব চ্যানেলে এর ভিউ সাড়ে ১৬ হাজার ছাড়িয়েছে। মন্তব্যের ঘরেও এ গান নিয়ে প্রশংসা করেছেন দর্শক-শ্রোতারা।