এবার ভিন্ন ধরনের চরিত্রে হাজির হলেন অর্চিতা স্পর্শিয়া। হরর-থ্রিলার নাটক ‘লালপরী’তে এক রহস্যময় অতৃপ্ত আত্মার চরিত্রে দেখা গেছে তাকে। জোবায়ের আবীর পিয়ালের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটকটিতে স্পর্শিয়ার সঙ্গে অভিনয় করেছেন ফররুখ আহমেদ রেহান। ১৭ সেপ্টেম্বর ‘হাউজ অব স্টোরিজ’ ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নাটকটি।
নাটকটিতে অর্চিতা স্পর্শিয়ার চরিত্রকে ঘিরে তৈরি হয়েছে রহস্যময় এক আবহ। হরর ঘরানার কাজের প্রতি নিজের আগ্রহের কথা জানিয়ে অর্চিতা স্পর্শিয়া বলেন, ‘হরর আমার খুব পছন্দের জনরা। হরর দেখতে আমার খুব ভালো লাগে। তবে আমাদের দেশে এই জনরায় খুব বেশি কাজ হয় না। কারণ হররের কাজ বেশ ঝুঁকিপূর্ণ। এখানে পারফরমারদেরও অনেক দায়িত্ব থাকে।’
হরর নাটক নির্মাণে সংশ্লিষ্ট পুরো টিমের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘লালপরী’ টিমের প্রতিটি সদস্যই যার যার জায়গায় খুবই অভিজ্ঞ। জোবায়ের আবীর পিয়াল যখন আমাকে প্রথম প্রস্তাব দেন, তখন টিমের সঙ্গে অনেক অভিজ্ঞ মানুষ যুক্ত আছেন দেখে আমার মনে হয়েছে, কাজটি ভালো কিছু হবে।’
চরিত্রটির জন্য নিজের প্রস্তুতি ও কাজের প্রতি দায়বদ্ধতার কথাও জানান স্পর্শিয়া। তিনি বলেন, ‘আমি আমার জায়গা থেকে শতভাগ দেয়ার চেষ্টা করেছি। আসলে আমি আমার সব কাজেই শতভাগ দেয়ার চেষ্টা করি। কাজটিতেও তার ব্যতিক্রম হয়নি। আশা করছি, এ কাজেও দর্শক আমাকে শতভাগই পাবে।’
নাটকটি নির্মাণের অভিজ্ঞতা প্রসঙ্গে জোবায়ের আবীর পিয়াল বলেন, ‘আমি বেশ সময় নিয়ে কাজটি করার চেষ্টা করেছি। গল্পে সমসাময়িক অনেক বিষয় রয়েছে, যার সঙ্গে দর্শক সহজেই নিজেদের সম্পৃক্ত করতে পারবে। গল্পের সঙ্গে রূপকভাবে অনেক কিছুই যোগ করা হয়েছে। এটি আমার প্রথম কাজ। তাই চ্যালেঞ্জ ছিল, তবে আমি আমার কাজ নিয়ে আশাবাদী। আমার ধারণা, দর্শক আমাদের কনটেন্টটি দেখবেন।’
লালপরীর গল্পে একটি নির্দিষ্ট রাতকে ঘিরে তৈরি হয় রহস্য। বিরল নীল চাঁদের সেই রাতে অতীতের এক ট্র্যাজেডির সঙ্গে জড়িয়ে থাকা প্রভার জীবনে আসে আয়ন। পেশায় গ্যারেজ মেকানিক আয়ন একটি নির্দিষ্ট গাড়ি কেনার পর থেকেই তার জীবনে ঘটতে থাকে একের পর এক রহস্যময় ঘটনা। অস্বাভাবিক এসব ঘটনার কারণ খুঁজতে গিয়ে সে ধীরে ধীরে জড়িয়ে পড়ে আরো গভীর এক রহস্যে। পরিস্থিতির মুখোমুখি হয়ে আয়ন যখন এর পেছনের সত্য উদ্ঘাটনের চেষ্টা করে, তখন সামনে আসে প্রভার অতীতের নানা ঘটনা। একপর্যায়ে লাল রঙের গাড়ি ও লাল শাড়ির সঙ্গে রহস্যের যোগসূত্রও স্পষ্ট হতে থাকে। আয়নের সঙ্গে প্রভার সম্পর্কের মধ্য দিয়ে গল্পে তৈরি হয় মনস্তাত্ত্বিক টানাপড়েন। রহস্য, অতীতের ঘটনা ও অতৃপ্ত এক আত্মার উপস্থিতিকে কেন্দ্র করেই এগিয়েছে লালপরীর গল্প।