নাম এক পাতিলের সংসার। নাম থেকেই বোঝা যাচ্ছে, পারিবারিক গল্পের নাটক এটি। আরো স্পষ্ট করে বললে, একটি একান্নবর্তী পরিবারের গল্পে নির্মিত নাটকটি। অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, আখম হাসান, ফারজানা মিহি, শামীম জামান, জয় রাজ, রেজমিন সেতু, আহসানুল হক মিনু, শফিক হাসান দিলু, শেলী আহসান, সালাউদ্দিন লাভলু প্রমুখ।
নাটকের গল্পে একান্নবর্তী এক পরিবারকে দেখা যাবে। তাদের সুখ-দুঃখ নিয়ে নাটকটি এগিয়ে যায়। সেখানে দেখা যাবে নয়নপুর গ্রামের অশীতিপর এক ব্যক্তি সেরাজ খাঁকে। তিনি প্রচুর সম্পত্তির মালিক। তার বাড়ির নাম বড়বাড়ি। অনেক লোকের কারবার। তার দুই ছেলে ও দুই মেয়ে। তাদেরও আছে সন্তানসন্ততি। সেরাজের মেয়ে শাফিয়ার অন্য গ্রামে বিয়ে হলেও মাঝে মধ্যেই বাপের বাড়িতে আসে সম্পত্তির ভাগ ও টাকা-পয়সা চাওয়ার জন্য। সেরাজের বড় ছেলে নিঃসন্তান হওয়ায় সম্পত্তি নিয়ে তার খুব একটা আগ্রহ নেই। কিন্তু তার স্ত্রীর আছে। এ নিয়েই স্বাভাবিক একটি চাপা কোন্দল শুরু হয় পরিবারের মধ্যে।
একান্নবর্তী পরিবারের অন্যতম সমস্যা মিলেমিশে থাকা। সেখানে বড় সংকট হয়ে দাঁড়ায় সম্পত্তি। এ গল্পেও সেটিই দেখা যাবে। সেরাজের বৃহৎ পরিবারের নানা শাখা-প্রশাখা কীভাবে এক হাঁড়িতে থাকতে চায় বা চায় না, সেসব নিয়েই আহমেদ শাহাবুদ্দীনের গল্পটি। বাংলাদেশের টিভি নাটকের গুণী শিল্পীরা অভিনয় করেছেন এ ধারাবাহিকে। তাই এ নাটক দর্শকের জন্য একটি চমৎকার অভিজ্ঞতা হবে বলেই নিশ্চয়তা দিয়েছেন নির্মাতারা।
আজ শুরু হওয়া ধারাবাহিকটি মাছরাঙা টেলিভিশনে রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে।