জন্মদিনের বিশেষ অনুষ্ঠানে সৈয়দ আব্দুল হাদী, সঙ্গে তিন সংগীত ব্যক্তিত্ব

দুপুর ১২টা ৫ মিনিটে প্রচারিত হবে চ্যানেলটির নিয়মিত আয়োজন ‘তারকা কথন’। বিশেষ এ পর্বে সানজিদা রহমানের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ আব্দুল হাদী। তার সঙ্গে থাকবেন তিন সংগীত ব্যক্তিত্ব

বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিন উপলক্ষে আগামীকাল দিনব্যাপী বিশেষ আয়োজন রেখেছে চ্যানেল আই। অনুষ্ঠান সূচিতে থাকছে বিশেষ সংগীতানুষ্ঠান, তারকা আড্ডা এবং একটি প্রামাণ্যচিত্র।

দুপুর ১২টা ৫ মিনিটে প্রচারিত হবে চ্যানেলটির নিয়মিত আয়োজন ‘তারকা কথন’। বিশেষ এ পর্বে সানজিদা রহমানের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ আব্দুল হাদী। তার সঙ্গে থাকবেন তিন সংগীত ব্যক্তিত্ব— গীতিকার রফিকউজ্জমান কণ্ঠশিল্পী মো. খুরশীদ আলম ও আবিদা সুলতানা। তাদের কথোপকথনে ওঠে আসবে সৈয়দ আব্দুল হাদীর সংগীতজীবনের নানা স্মৃতি, অজানা গল্প ও দীর্ঘ পথচলার অভিজ্ঞতা।

দিনের আয়োজন শুরু হবে সকাল সাড়ে ৭টায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘গান আছে এখানে’ দিয়ে। চ্যানেল আই সেরাকণ্ঠ-খ্যাত শিল্পী লুইপার উপস্থাপনা এবং ইফতেখার মুনিমের প্রযোজনায় অনুষ্ঠানে পরিবেশিত হবে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া ১২টি কালজয়ী গান। গানগুলো গাইবেন ইমরান, সাব্বির, অপু আনাম ও আতিক।

এ ছাড়া বিকেল সোয়া ৫টায় প্রচার হবে শাইখ সিরাজ নির্মিত প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে...’ । এতে খোলামেলা আলাপচারিতায় সৈয়দ আব্দুল হাদী স্মৃতিচারণ করেছেন তার শৈশব, সংগীতজীবনের সূচনা, বাংলাদেশের সংগীতের বিবর্তন, সমকালীন শিল্পচর্চা এবং আগামী প্রজন্মের শিল্পীদের প্রতি তার প্রত্যাশার কথা।

আরও