বিশেষ আয়োজনে টেলিভিশনে স্বাধীনতা দিবস

আজ মহান স্বাধীনতা দিবস। আর এ দিবসকে কেন্দ্র করে প্রায় প্রতিটি টেলিভিশন চ্যানেলই বিশেষ আয়োজন করে।

আজ মহান স্বাধীনতা দিবস। আর এ দিবসকে কেন্দ্র করে প্রায় প্রতিটি টেলিভিশন চ্যানেলই বিশেষ আয়োজন করে। এবারো প্রতিটি স্যাটেলাইট চ্যানেলে থাকছে স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান।

বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে নাটক, সিনেমা, গানসহ নানা আয়োজন। এর মধ্যে মামুন আব্দুল্লাহর প্রযোজনায় সকাল ৭টা ৪৫ মিনিটে দেশের গান নিয়ে প্রচার হবে ‘জন্মভূমি’। গান গাইবেন জনপ্রিয় সব শিল্পী। লিটু সোলায়মানের প্রযোজনায় সকাল ৮টা ২০ মিনিটে ‘‌বৈশাখীর সকালের গান’-এ অংশ নেবেন তিমির নন্দী। দেশমাতৃকা নিয়ে রচিত পুরনো দিনের সিনেমার জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘মিউজিক অ্যালবাম’ প্রচার হবে সকাল ৯টা ১০ মিনিটে।

থাকছে টিপু আলম মিলনের গল্পে, আনন জামানের চিত্রনাট্যে স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘বীরাঙ্গনা’। এটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন। অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, রওনক হাসান, মনোজ প্রামাণিক, রিয়া খান, মনির জামান, সানজিদা মিলা প্রমুখ। রাত ১০টায় প্রচার হবে নাটকটি। সিনেমার মধ্যে সকাল ১০টায় প্রচার হবে ‘‌সিপাহী’ ও বেলা ২টা ৩০ মিনিটে ‘‌হাঙ্গর নদী গ্রেনেড’।

বাংলাভিশনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের সেইসব দিনগুলি’। এতে অতিথি হিসেবে থাকছেন মেজর জেনারেল (অব.) হেলাল মোরশেদ খান বীর বিক্রম ও লে. জেনারেল (অব.) এম হারুন অর রশীদ বীর প্রতীক। প্রচার হবে রাত ১১টা ২৫ মিনিটে।

স্বাধীনতা দিবসে দুরন্ত টিভির বিশেষ আয়োজন ‘একাত্তরের মার্চ’। অনুষ্ঠানটিতে দেখা যায়, শহীদ মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর তন্ময়ের সঙ্গে শিশুদের কথোপকথনের মাধ্যমে উঠে আসে স্বাধীনতার নানা ইতিহাস। একাত্তরের মার্চ পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। অনুষ্ঠানটি সম্প্রচার হবে ২৪-২৬ মার্চ বেলা ১১টায়। স্বাধীনতা দিবসে আরো থাকবে নৃত্যানুষ্ঠান ‘প্রিয় বাংলাদেশ’ সকাল ১০টায় ও ‘মুক্তি’ বেলা ১১টা ৩০ মিনিটে। এছাড়া বেলা ৩টায় প্রচার হবে শামীম আখতারের পরিচালনায় সিনেমা ‘মেঘনার ৭১’ ও রাত ১০টায় মোরশেদুল ইসলামের পরিচালনায় সিনেমা ‘আমার বন্ধু রাশেদ’।

রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘যেখানে সীমান্ত তোমার’। সারওয়ার রেজা জিমির রচনায় এটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয় করেছেন আরশ খান, ফারিয়া শাহরীনসহ আরো অনেকে। গল্পে দেখা যাবে, মুনিরের বিয়ে ঠিক হয়েছে। বাবা চায় যত দ্রুত সম্ভব বিয়েটা সেরে ফেলতে। সময়টা ভালো নয়। দেশে যুদ্ধ শুরু হয়েছে। তরুণ-যুবকরা সব মুক্তিবাহিনীতে যোগ দিচ্ছে। মুনিরের বাবার একটাই ছেলে। যেকোনো উপায়ে তাকে আটকে রাখতে চায় সে। যুদ্ধকালীন পরিচিত এ গল্প নিয়েই নির্মাণ হয়েছে নাটকটি।

সকাল ৭টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘‌গান দিয়ে শুরু’-তে থাকছে স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের গান। সকাল ৯টা ৪৫ মিনিটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তৃতীয় মাত্রার বিশেষ পর্ব। উপস্থাপনা করেছেন ফরিদুর রেজা সাগর। দুপুর ১২টা ৩০ মিনিটে ‘‌ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন’-এর বিশেষ পর্ব। বেলা ১টা ০৫ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার চ্যানেল আইতে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘‌দুঃসাহসী খোকা’। রাত ৭টা ৫০ মিনিটে নাহিদুল ইসলাম ও নূর ইমরান মিঠুর রচনা এবং নূর ইমরান মিঠুর পরিচালনায় বিশেষ নাটক ‘‌আঁধারে আভা’।

আরও