ভৌতিক আবহে ‘আন্ধার’-এর প্রথম পোস্টার

রায়হান রাফী পরিচালিত বহুল আলোচিত হরর সিনেমা ‘আন্ধার’ মুক্তির আগেই দর্শকের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

একের পর এক চরিত্রের লুক প্রকাশের পর এবার প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম অফিশিয়াল পোস্টার। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে নির্মাতা রায়হান রাফী, চিত্রনায়ক সিয়াম আহমেদসহ সিনেমাটির গুরুত্বপূর্ণ শিল্পীরা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে একযোগে পোস্টারটি প্রকাশ করেন। পোস্টারে দেখা গেছে, ঘন কালো মেঘ ও কুয়াশায় ঢাকা এক রহস্যময় পরিবেশ। এর মাঝখানে উঁচু কালো একটি স্থাপনার ওপর দাঁড়িয়ে আছেন পাঁচ চরিত্র। সবার পরনেই সাদা পোশাক। পোস্টারের মাঝখানে রয়েছেন নাজিফা তুষি। তার পেছনে আকাশজুড়ে রয়েছে রহস্যময় আলোর বলয়। অন্ধকার, কুয়াশা ও অস্বাভাবিক আলোর সমন্বয়ে পুরো পোস্টারেই ফুটে উঠেছে ভৌতিক আবহ।

তুষির দুই পাশে দেখা যায় সিয়াম আহমেদ ও চঞ্চল চৌধুরীকে। তাদের সঙ্গে রয়েছেন আরো দুই চরিত্র। সবার পোশাক একই হলেও অভিব্যক্তি ও দাঁড়িয়ে থাকার ভঙ্গিতে রয়েছে ভিন্নতা। ফলে পোস্টার প্রকাশের পর সিনেমার গল্প ও চরিত্রগুলোর সম্পর্ক নিয়ে দর্শকের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

পাঁচ চরিত্রের একই ধরনের সাদা পোশাকের পেছনে কী রহস্য রয়েছে, তা অবশ্য এখনো প্রকাশ করেননি নির্মাতা। তবে পোস্টারের আবহ থেকে সিনেমাটির হরর ও রহস্যনির্ভর গল্পের ইঙ্গিত স্পষ্ট।

পোস্টারে জানানো হয়েছে, আগামী অক্টোবর ২০২৬-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আন্ধার’। এর আগে সিনেমাটির বিভিন্ন চরিত্রের লুক প্রকাশ করে দর্শকের আগ্রহ বাড়িয়েছেন রায়হান রাফী। এবার প্রথম অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে সেই আগ্রহ আরো তীব্র হয়েছে।

সিনেমাটিতে সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষির পাশাপাশি অভিনয় করছেন মোস্তফা মনোয়ার, ফারুক রেহানসহ আরো অনেকে। পোস্টারের ক্রেডিট অনুযায়ী, সিনেমাটির গল্পের সঙ্গে শাকিব চৌধুরী, বসবাবা সুমন ও আদনান আদিব খানের নামও রয়েছে।

বড় বাজেটের হরর সিনেমা হিসেবে ঘোষণার পর থেকেই আলোচনায় রয়েছে ‘আন্ধার’। চরিত্র উন্মোচনের পর প্রথম পোস্টারে সেই রহস্য আরো বাড়িয়ে দিয়েছেন রায়হান রাফী। মুক্তির আগেই সিনেমাটি ঘিরে দর্শকের মধ্যে শুরু হয়েছে নতুন করে নানা জল্পনা কল্পনা।

আরও