ফুটবলের উন্মাদনা এখন বিশ্বজুড়ে। বিশ্বকাপে মাঠের লড়াই শুরু হতেই সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদের মাঝেও ছড়িয়ে পড়েছে প্রিয় দল নিয়ে টানটান উত্তেজনা। বিশ্বকাপের সেই উত্তেজনা থেকে পিছিয়ে নেই যুক্তরাষ্ট্রপ্রবাসী জায়েদ খান।
আর্জেন্টিনার দুর্দান্ত জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভালোলাগা ও ভালোবাসা প্রকাশ করেছেন এ অভিনেতা। জায়েদ খান লিখেছেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা। ম্যারাডোনার জন্যই আজকে ফুটবল ভালোবাসি, আর্জেন্টিনাকে ভালোবাসি। অসাধারণ লিওনেল মেসি।’
জায়েদ খানের স্ট্যাটাসটি পোস্ট করার পরপরই তার ভক্ত-অনুরাগীদের নজরে আসে। কমেন্ট বক্সে আলবিসেলেস্তে সমর্থকরা অভিনেতার এ শুভেচ্ছাবার্তাকে স্বাগত জানাচ্ছেন, আবার চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকরাও মেতেছেন খুনসুটিতে।
বিশ্বকাপের মাঠে আর্জেন্টিনার জয়ের পাশাপাশি কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসির প্রতি জায়েদ খানের এ শ্রদ্ধা ও ভালোবাসা আর্জেন্টিনা সমর্থকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।