বলিউডে জনপ্রিয়তার পাশাপাশি সম্পদের দিক থেকেও এগিয়ে শাহরুখ খান। ভারতীয় অভিনেতাদের মধ্যে শীর্ষে রয়েছে তার নাম। গত বছর ভারতের ইতিহাসে প্রথম অভিনেতা হিসেবে বিলিয়নেয়ার হন শাহরুখ খান। এবার হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে তার সম্পদের আনুমানিক পরিমাণ দেখানো হয়েছে ১০ হাজার কোটি রুপি, যা বাংলাদেশী মুদ্রায় ১২ হাজার ৮০০ কোটি টাকারও বেশি। তবে গত বছর শাহরুখের সম্পদের পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অর্থাৎ এক বছরে তার প্রায় আড়াই হাজার কোটি রুপির সম্পদ কমেছে। অভিনয়ের পাশাপাশি ব্যবসা থেকেও আয় করেন শাহরুখ। তার প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ভারতের বিনোদনজগতে বড় নাম। ক্রীড়া বাণিজ্যেও রয়েছে তার অবস্থান। তিনি কলকাতা নাইট রাইডার্সের সহমালিক। ভারতের বাইরেও তার ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি রয়েছে।