সাদিয়া ইসলাম মৌ এবার হাজির হলেন সম্পূর্ণ নতুন এক ভূমিকায়। মডেলিং, নৃত্য ও অভিনয়ের চেনা গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো একটি মিউজিক ভিডিওতে কবিতা পাঠ করেছেন এ তারকা। মূলত তার বাবা, সংগীতশিল্পী সাইফুল ইসলামের গাওয়া ‘সোনার কাঠি রুপোর কাঠি’ গানটির নতুন সংগীতায়োজনে যুক্ত হয়েছে মৌয়ের এ কবিতা আবৃত্তি।
বিপ্লব সাহার কণ্ঠে গানটি গতকাল সাদিয়া ইসলাম মৌয়ের জন্মদিন এবং বাবা দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। নয়ীম গহরের কথা ও আনোয়ার পারভেজের সুরে তৈরি এই গানটিকে বর্তমান সময়ের শ্রোতাদের উপযোগী করে আধুনিক নির্মাণশৈলীতে উপস্থাপন করা হয়েছে। গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন রাজন সাহা। মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ করেছেন অনিক ছন্দ এবং সম্পাদনার দায়িত্বে ছিলেন তুষার।
গতকাল সন্ধ্যায় মিউজিক ভিডিওটি ‘বিশ্বরঙ’ এবং বিপ্লব সাহার ইউটিউব চ্যানেলের পাশাপাশি বিশ্বরঙের অফিশিয়াল ফেসবুক পেজেও অবমুক্ত করা হয়।
উল্লেখ্য, ছোট পর্দার পাশাপাশি ওটিটি প্লাটফর্মেও সম্প্রতি প্রশংসিত হয়েছেন সাদিয়া ইসলাম মৌ। কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত ওয়েব ফিল্ম ‘সারার সংসার’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। আকা রেজা গালিব পরিচালিত থ্রিলার ঘরানার এই চলচ্চিত্রে ‘সারা’ চরিত্রে মৌয়ের অভিনয় দর্শক ও সমালোচকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।