চিরঞ্জীবী অভিনীত নতুন সিনেমা ‘কাকা’র শুটিংয়ে যোগ দিয়েছেন বলিউডের অভিনেতা ও পরিচালক অনুরাগ কাশ্যপ। হায়দরাবাদে সিনেমাটির শুটিং চলছে। সেখানে চিরঞ্জীবীসহ অন্য শিল্পীদের সঙ্গে অভিনয় করছেন অনুরাগ।
সোমবার অনুরাগের শুটিংয়ে যোগ দেয়ার খবরটি প্রকাশ করেন সিনেমাটির নির্মাতারা। এ সময় প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, পরিচালক ববি কোল্লি অনুরাগকে একটি দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন। মনোযোগ দিয়ে তা শুনছেন তিনি।
অ্যাকশননির্ভর সিনেমা ‘কাকা’য় থাকছে আবেগ ও পারিবারিক গল্প। কেন্দ্রীয় চরিত্রের গল্প ও তার পরিবর্তন সিনেমাটির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কয়েক দিন আগে সিনেমাটির নাম ঘোষণা করে টাইটেল টিজার প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রডাকশনস। টিজারে চিরঞ্জীবীর চরিত্র সত্যমকে ‘আম্মাজি অ্যাকোয়া ইন্ডাস্ট্রিজ’ নামের একটি চিংড়ি খামারে সুপারভাইজার হিসেবে দেখা যায়। একপর্যায়ে একটি চাবি চিংড়ির পুকুরে পড়ে গেলে বড় একটি ইলেকট্রোম্যাগনেট দিয়ে সেটি তুলে আনেন সত্যম। তবে চাবির সঙ্গে উঠে আসে বেশকিছু অস্ত্র। চাবির কী-চেইনে লেখা ছিল ‘আই লাভ ড্যাড’।
সম্প্রতি এক অনুষ্ঠানে চিরঞ্জীবী জানান, সিনেমায় তার চরিত্রের নাম কাদিরি কালিদাস। গত ৭ সেপ্টেম্বর সিনেমাটির নতুন শিডিউলের শুটিং শুরু হয়েছে। প্রথমার্ধের শেষ দিকে থাকা একটি বড় অ্যাকশন দৃশ্যের শুটিংও সম্প্রতি শেষ হয়েছে।
‘কাকা’য় গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করছেন অনাস্বরা রাজন ও নিভেথা পেথুরাজ। সংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ জানুয়ারি সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
চিরঞ্জীবী ও ববি কোল্লির এটি দ্বিতীয় যৌথ কাজ। এর আগে তারা ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন।