একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নতুন বছরে তিনি হাজির হচ্ছেন নতুন টেলিফিল্ম নিয়ে। তার সঙ্গে থাকছেন সোহেল মণ্ডল ও তানিয়া বৃষ্টি। নতুন এ টেলিফিল্মের নাম ‘অভাব’। গল্পের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত। টেলিফিল্মে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন সোহেল মণ্ডল ও তানিয়া বৃষ্টি। তাদের সন্তানের চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী মুসকান।
টেলিফিল্মটি নির্মাণ করেছেন নাট্যকার আল আমিন স্বপন। অভাব সম্পর্কে তিনি বলেন, ‘মূলত মানুষের জীবনে ভালোবাসা ও টাকার অভাব—এ দুই প্রেক্ষাপট তুলে ধরে একটি গল্প রচনা করেছি।’
এখনো নিয়মিত অভিনয় করছেন আবুল হায়াত। অভাবে অভিনয় প্রসঙ্গে বর্ষীয়ান এ অভিনেতা বলেন, ‘গল্পটা আমার খুব ভালো লেগেছে। স্বপনকে ধন্যবাদ চমৎকার এ গল্পের জন্য। ইমন মন দিয়ে কাজটি করার চেষ্টা করেছে। তানিয়া বৃষ্টি এর আগে আমার সঙ্গে একটি কাজ করেছিল। এটা তার সঙ্গে আমার দ্বিতীয় কাজ। এককথায় বৃষ্টি খুবই ভালো অভিনয় করেছে। সোহেলও ভালো করার চেষ্টা করেছে। ছোট্ট মুসকানও ভালো করেছে। সব মিলিয়ে একটি ভালো কাজ হয়েছে, যা দর্শকের কাছে ভালো লাগবে বলে আমি আশা করছি।’
টেলিফিল্মটির মূল কাজ শেষ হয়েছে। এখন পোস্টপ্রডাকশনের অন্যান্য কাজ চলছে। আগামী ঈদে এনটিভিতে প্রচার হবে অভাব।