সময়ের সঙ্গে বদলেছে তার চরিত্র, বদলেছে সিনেমার ভাষাও। তবে গল্পের প্রতি দায়বদ্ধতা আর শক্তিশালী নারী চরিত্রে অভিনয়ের জায়গাটি থেকেছে প্রায় একই। এবার সে দীর্ঘ অভিনয় যাত্রা ও মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট পেলেন এ অভিনেত্রী।
লা ট্রোব বিশ্ববিদ্যালয় রানি মুখার্জিকে সম্মানসূচক ডক্টর অব লেটারস (ডিলিট) ডিগ্রি দিয়েছে। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির কাছে এ ধরনের সম্মাননা পাওয়া দ্বিতীয় ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব হলেন তিনি। এর আগে ২০১৯ সালে শাহরুখ খানকে সম্মানসূচক ডক্টরেট দিয়েছিল বিশ্ববিদ্যালয়টি। পরে তার নামে পিএইচডি বৃত্তিও চালু করা হয়। ডিগ্রি গ্রহণের মুহূর্তটি রানির জন্য ছিল বেশ আবেগঘন। মঞ্চে সম্মাননা নেয়ার সময় চোখের পানি মুছতে দেখা যায় তাকে। পরে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এ স্বীকৃতিকে জীবনের অন্যতম আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেন অভিনেত্রী।
রানির কাছে এ সম্মান শুধু অভিনয়ের স্বীকৃতি নয়। তার বিশ্বাস, একটি ভালো চলচ্চিত্র আগে মানুষের হৃদয় ছুঁয়ে যায়, তারপর বদলে দিতে পারে ভাবনার জগৎ। এ কারণেই ক্যারিয়ারে তিনি এমন গল্প ও চরিত্রের প্রতি ঝুঁকেছেন, যেগুলো তাকে গভীরভাবে স্পর্শ করেছে এবং দর্শকের মনেও তৈরি করতে পারে নতুন কোনো উপলব্ধি।
‘হাম তুম’, ‘ব্ল্যাক’, ‘যুবা’, ‘বান্টি অউর বাবলি’, ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘হিচকি’, ‘মর্দানি’ ও ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র মতো সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা গেছে তাকে। বিশেষ করে নারীকে কেন্দ্র করে নির্মিত গল্পে রানির অভিনয় তাকে আলাদা পরিচিতি দিয়েছে। ‘মর্দানি’তে অপরাধের বিরুদ্ধে লড়াই করা পুলিশ কর্মকর্তা আর ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’তে সন্তানের জন্য লড়াই করা মায়ের চরিত্রে তার অভিনয় দর্শক-সমালোচকের প্রশংসা কুড়িয়েছে। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় অভিনয়ের জন্য ২০২৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর স্বীকৃতিও পেয়েছেন তিনি।
তবে পর্দার চরিত্রের বাইরেও নিজের দায়িত্বকে গুরুত্বপূর্ণ মনে করেন রানি। তার মতে, শিল্পীর কাজ শুধু অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন শিল্পী এক অর্থে নিজের সংস্কৃতির দূতও। ভারতীয় সিনেমার মাধ্যমে দেশটির মানুষ, বিশেষ করে নারীদের জীবন ও সংগ্রামকে বিশ্বের দর্শকের কাছে তুলে ধরার সুযোগকে তাই দায়িত্ব হিসেবেই দেখেন তিনি।
সাম্প্রতিক সময়েও অভিনয়ে ব্যস্ত সময় পার করছে রানি মুখার্জি। ‘মর্দানি ৩’-এ আবারো পুলিশ কর্মকর্তা শিবানী শিবাজি রায়ের চরিত্রে দেখা গেছে তাকে। সামনে শাহরুখ খানের ‘কিং’ সিনেমায়ও দেখা যাবে তাকে। ছবিটির শুটিং এরই মধ্যে প্রায় শেষ পর্যায়ে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমায় আরো থাকছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, সুহানা খান ও অভিষেক বচ্চনও।
সূত্র: হিন্দুস্তান টাইমস