সাত বছর পর মঞ্চে ফিরছে ‘নভেরা’

২০১৬ সালে প্রথম মঞ্চায়নের মধ্য দিয়ে যাত্রা শুরু করে ‘নভেরা’। হাসনাত আবদুল হাইয়ের মূল রচনা থেকে নাট্যরূপ দিয়েছেন সামিউন জাহান দোলা।

সাত বছর পর মঞ্চে ফিরছে ধ্রুপদী আর্ট সেন্টারের প্রথম প্রযোজনা ‘নভেরা’। দেশের পথিকৃৎ ভাস্কর নভেরা আহমেদের জীবন, শিল্প, প্রেম, নিঃসঙ্গতা ও শিল্পীসত্তার নানা দিক নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির ৩০তম মঞ্চায়ন হবে।

২০১৬ সালে প্রথম মঞ্চায়নের মধ্য দিয়ে যাত্রা শুরু করে ‘নভেরা’। হাসনাত আবদুল হাইয়ের মূল রচনা থেকে নাট্যরূপ দিয়েছেন সামিউন জাহান দোলা। নাটকটিতে একক অভিনয়ও করছেন তিনি। নির্দেশনায় রয়েছেন সাজ্জাদ রাজীব।

বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের ইতিহাসে নভেরা আহমেদ একটি গুরুত্বপূর্ণ নাম। প্রচলিত শিল্পভাবনা ও সামাজিক কাঠামোর বাইরে গিয়ে নিজস্ব শিল্পভাষা নির্মাণ করেছেন তিনি। তার জীবন ও শিল্পচর্চায় ছিল স্বাধীনতার আকাঙ্ক্ষা, ব্যক্তি স্বাতন্ত্র্য, প্রেম, নিঃসঙ্গতা ও নিরন্তর অনুসন্ধান। একসময় জনপরিসর থেকে অনেকটা নীরবে সরে যান এ শিল্পী। তার জীবন ও অন্তর্জগতের নানা দিক মঞ্চে তুলে ধরেছে নভেরা। প্রায় ১ ঘণ্টা ১০ মিনিটের এ নাটকে একজন অভিনেতার মাধ্যমে নভেরার বহুমাত্রিক ব্যক্তিসত্তা ও শিল্পীসত্তা ফুটিয়ে তোলা হয়েছে।

নাট্যকার ও নির্দেশকের শিল্পভাবনায় নভেরা শুধু একজন ভাস্করের জীবনের নাট্যরূপ নয়; বরং নিজস্ব পথ নির্মাণ, প্রচলিত সীমা অতিক্রম এবং প্রতিকূলতার মধ্যেও সৃষ্টিশীলতার প্রতি অবিচল থাকার গল্প। আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার পর সেখান থেকে আবার উঠে দাঁড়ানোর প্রতীকী শক্তিও নাটকটিতে নভেরার জীবন ও শিল্পের সঙ্গে যুক্ত হয়েছে।

সাত বছর পর মঞ্চে ফেরা এবং ৩০তম প্রদর্শনী—দুই দিক থেকেই এবারের আয়োজনকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে ধ্রুপদী আর্ট সেন্টার। নাটকটির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০, ৩০০, ৫০০ ও ১ হাজার টাকা।

আরও