ভালো চরিত্রের খোঁজে তটিনী

নাটকটির সাফল্যের পাশাপাশি তটিনীর অভিনয়ও প্রশংসিত হয়েছে।

এ সময়ের ব্যস্ত অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নির্মাতা মোস্তফা কামাল রাজের ‘পথহারা মন’ নাটক দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। দর্শকের প্রশংসা পাওয়া নাটকটি এখন অ্যামাজন প্রাইম ভিডিওতেও দেখা যাচ্ছে। নাটকটির সাফল্যের পাশাপাশি তটিনীর অভিনয়ও প্রশংসিত হয়েছে। তবে একটি কাজ কতটা সফল, সেটি বিচার করার ক্ষেত্রে প্রচলিত ভিউয়ের হিসাবকে একমাত্র মাপকাঠি মনে করেন না তিনি। তটিনীর কাছে গল্প, চরিত্র ও অভিনয়—এই তিনটিই বেশি গুরুত্বপূর্ণ।

বর্তমানে ইউটিউবের ভিউ সংখ্যা একটি নাটকের জনপ্রিয়তা মাপার অন্যতম মানদণ্ড। তবে তটিনীর কাছে মিলিয়ন ভিউয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হলো দর্শক কী দেখেছেন এবং গল্পটি তাদের কতটা স্পর্শ করেছে।

তার মতে, একটি কাজ কতজন দেখেছেন, শুধু সেই হিসাব দিয়ে সেটির সাফল্য বিচার করা ঠিক নয়, বরং গল্প ও চরিত্র কতটা ভালোভাবে উপস্থাপন করা হয়েছে, সেটিও বিবেচনায় রাখা প্রয়োজন। কাজ বাছাইয়ের ক্ষেত্রেও এ ভাবনাকেই গুরুত্ব দেন তিনি।

‘পথহারা মন’ দর্শকের কাছে গ্রহণযোগ্য হওয়ার পেছনে গল্পকেই এগিয়ে রাখছেন তটিনী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নাটকটির গল্পের সঙ্গে মানুষ সহজেই নিজেদের মিল খুঁজে পেয়েছে। পাশাপাশি দীর্ঘদিন পর জাহিদ হাসানের নাটকে ফেরা দর্শকের আগ্রহ বাড়িয়েছে।’

বর্তমানে পারিবারিক গল্প নিয়ে নিয়মিত নাটক নির্মিত হচ্ছে। ‘তোমাদের গল্প’-এর সাফল্যের পর এ ধরনের গল্পের প্রতি দর্শকের আগ্রহও বেড়েছে। তবে একই ধরনের গল্প হলেই দর্শক সেটি গ্রহণ করবেন—এমনটা মনে করেন না তটিনী। তার মতে, গল্পটি কীভাবে দর্শকের সামনে তুলে ধরা হচ্ছে, সেটিই মূল বিষয়।

নিজের কাজের ক্ষেত্রেও তটিনীর চাওয়াটা স্পষ্ট। তিনি এমন চরিত্রে অভিনয় করতে চান, যা দেখে দর্শক মনে করবেন, এ চরিত্রে তটিনীকে দেখার জন্যই অপেক্ষা করছিলাম। ভিউয়ের হিসাবের বাইরে গিয়ে দর্শকের মনে জায়গা করে নেয়াই অভিনেত্রীর কাছে বড় সাফল্য।

আরও