ডিসি কমিকসের সুপারভিলেন ‘ক্লেফেস’। চরিত্রটিকে নিয়ে নির্মিত সিনেমা মুক্তি পেয়েছে গত শুক্রবার। বক্স অফিসে দারুণ সূচনা করেছে। সুপারগার্ল বা সুপারম্যানের মতো বড় পরিসরের না হলেও এটি নিয়ে দর্শকের আগ্রহ দেখা গেছে। ব্যাটম্যানের এ প্রতিপক্ষ চরিত্রটিকে দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করেছে দর্শক।
শুক্রবার উত্তর আমেরিকার ৩ হাজার ৪৫৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ক্লেফেস। আয় করেছে ১ কোটি ৪০ হাজার ডলার। এর মধ্য দিয়ে বক্স অফিসের শীর্ষস্থান দখল করেছে ক্লেফেস। মুক্তির প্রথম দিনেই এমন সাফল্যকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। রোববারের মধ্যে সিনেমাটির আয় ২ কোটি ৪০ লাখ ডলারে পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জেমস ওয়াটকিনস পরিচালিত ক্লেফেস ছবির কেন্দ্রীয় চরিত্র ম্যাট হেগেন। তিনি টম রাইস হ্যারিসের চরিত্রে পর্দায় হাজির হয়েছেন। গল্প অনুসারে, চলচ্চিত্রজগতের উদীয়মান তারকা হেগেনের মুখ ভয়াবহভাবে বিকৃত হয়ে যায়। এরপর তিনি একটি পরীক্ষামূলক চিকিৎসা পদ্ধতির আশ্রয় নেন। তারপর ব্যাটম্যানের এ ভিলেনের অন্ধকার জগতে প্রবেশের গল্প এগিয়ে যায়।
সিনেমাটিতে আরো অভিনয় করেছেন নাওমি অ্যাকি, ডেভিড ডেনসিক, ম্যাক্স মিঙ্গেলা ও এডি মারসান।
ভ্যারাইটির চলচ্চিত্র সমালোচক গাই লজের মতে, সিনেমায় পরিচয় করিয়ে দেয়া চরিত্র ও দ্বন্দ্বগুলোকে বড় কোনো ফ্র্যাঞ্চাইজির অংশ হিসেবে বিস্তৃত করা হলে সেগুলোর আকর্ষণ কমে যেতে পারে। তবে বিভিন্ন ঘরানার মিশেলে তৈরি একটি স্বতন্ত্র সিনেমা হিসেবে এটি বেশ নতুনত্বপূর্ণ এবং অস্বস্তিকর হলেও উপভোগ্য।
প্রায় ২৩ কোটি ডলার বাজেটে নির্মিত ‘সুপারম্যান’ ২০২৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তির পর বিশ্বজুড়ে ৬১ কোটি ৮৭ লাখ ২০ হাজার ডলার আয় করেছিল। অন্যদিকে চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া ‘সুপারগার্ল’ বক্স অফিসে ব্যর্থ হিসেবে বিবেচিত হয়েছে। ১৭ কোটি ডলার বাজেটে নির্মিত ছবিটির আয় ছিল ১২ কোটি ৬০ লাখ ডলার। সে তুলনায় মাত্র ৪ কোটি ৪০ লাখ ডলার ব্যয়ে নির্মিত ক্লেফেস বক্স অফিসে ভালো অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।
এদিকে এটোয়েন্টিফোর প্রযোজিত ‘ইউ ক্যান সি এভরিথিং’ শুক্রবারের বক্স অফিস তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। উত্তর আমেরিকার ২ হাজার ৬৫৫টি প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি আয় করেছে ৬১ লাখ ৪০ হাজার ডলার। এখন পর্যন্ত উত্তর আমেরিকায় এর মোট আয় ৩ কোটি ১৭ লাখ ডলার। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর হিসাব অনুযায়ী, রোববারের মধ্যে ছবিটি আরো ২ কোটি ডলার আয় করতে পারে।
সূত্র ও ছবি: ডেডলাইন