লালন স্মরণে দেশব্যাপী আয়োজন

লালনের তিরোধান দিবস উপলক্ষে তার গান, দর্শন ও মানবতাবোধের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ১৭-১৯ অক্টোবর কুষ্টিয়ায় তিন দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হবে।

মানুষের ভেতর থাকে আরেক মানুষ। সেই মানুষ, তার পরিচয়ের অতীত যে মানবসত্তা, সেই অনন্তের সন্ধানী মরমি সাধক ছিলেন লালন সাঁই। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে তার গান ও দর্শন আজও আমাদের ফিরিয়ে নেয় মানুষের কাছে। তার দর্শন, গানের গভীর কথা, বোধ ও মমত্ব তাকে অমর করে রেখেছে। আজও তার গান শুনে প্রভাবিত হয় বহু মানুষ। লালনের জন্ম ও মৃত্যুতে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। তার ১৩৬তম তিরোধান দিবস উদযাপনের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। কুষ্টিয়াসহ দেশব্যাপী আয়োজিত হচ্ছে অনুষ্ঠান।

লালনের তিরোধান দিবস উপলক্ষে তার গান, দর্শন ও মানবতাবোধের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ১৭-১৯ অক্টোবর কুষ্টিয়ায় তিন দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হবে। ১৭ অক্টোবর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৬টায় আয়োজন করা হয়েছে ‘লালন স্মরণানুষ্ঠান’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। মুখ্য আলোচক হিসেবে থাকবেন শিল্পী ও গবেষক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী। সভাপতিত্ব করবেন যুগ্ম সচিব ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহা. হারুন-অর-রশীদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনায় অংশগ্রহণ করবেন বাংলাদেশের প্রথিতযশা লালন শিল্পীরা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীরা ও বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

এছাড়া ১৭ অক্টোবর বিভাগীয় ও অন্য জেলাগুলোয়ও বড় পরিসরে লালন সাঁইয়ের জীবন ও দর্শনভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।

আরও