টম ক্রুজ অথবা কোয়েন্টিন টারান্টিনো—বেছে নিতে হবে একজনকে। কোনো অভিনেতার জন্য বেশ জটিল একটা পরিস্থিতি। কিন্তু এমন পরিস্থিতিতেই পড়েছিলেন অভিনেতা অস্টিন বাটলার। সম্প্রতি পিপল ম্যাগাজিনের সূত্রে তিনি কথা বলেছেন ‘হ্যাপি স্যাড কনফিউজড’ পডকাস্টে। সেখানেই জানান, এমন এক জটিল পরিস্থিতিতে পড়েছিলেন বাটলার। তার সুযোগ ছিল ‘টপ গান: ম্যাভেরিক’-এ অভিনয় করার। কিন্তু তিনি কোয়েন্টিন টারান্টিনোর সিনেমাই বেছে নিয়েছিলেন।
পরিস্থিতি নিয়ে অস্টিন বলেন, ‘আমার অবস্থা এমন হয়েছিল যে হয় টারান্টিনোকে বলতে হবে আমি তার সিনেমায় আছি, অথবা টপ গান: ম্যাভেরিকের জন্য স্ক্রিন টেস্টে যাব।’ মূল ঘটনাটা ছিল এমন—অস্টিন বাটলারের সঙ্গে কোয়েন্টিন টারান্টিনোর আলাপ চলছিল ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ নিয়ে। বাটলারের অনেকদিনের ইচ্ছা ছিল টারান্টিনোর সিনেমায় অভিনয় করার। তিনি পাল্প ফিকশনের একজন ভক্ত। সে কারণেই টারান্টিনোর সিনেমায়ই থাকার কথা চিন্তা করেন।
এ নিয়ে বাটলার বলেন, ‘আমি ততদিনের টারান্টিনোর সঙ্গে দেখা করে কথা বলেছি। তাই আর অন্যকিছু ভাবিনি।’ সে কারণেই দর্শক বাটলারকে দেখেছে চার্লস ওয়াটসন চরিত্রে। এ চরিত্রে অভিনয়ের জন্য তিনি বেশ প্রশংসিত হয়েছেন। এদিকে এলভিস ও টপ গানের কাস্টিং ডিরেক্টর দেনিস চ্যামিয়ান মনে করেন, অস্টিনের এ সিদ্ধান্ত সঠিক ছিল। কেননা টপ গানের রুস্টার চরিত্রের জন্য বাটলার বেশিই তরুণ ছিলেন।
চ্যামিয়ান বলেন, ‘আমি যখন কাস্টিং করছিলাম, আমার মনে হয়েছিল সে এ চরিত্র দারুণভাবে করতে পারবে। একটা স্ক্রিন টেস্টও হয়েছিল, যা আমি পরে টম ক্রুজসহ অন্যদের দেখাই। তারা সবাই বাটলারকে পছন্দ করেছিলেন এ চরিত্রের জন্য। কিন্তু সবাই একমত হয়েছিলেন যে চরিত্রটার জন্য সে একটু বেশিই তরুণ।’
অস্টিন বাটলার এলভিসের জন্য দারুণ প্রশংসিত। এ সিনেমায়ও তাকে কাস্ট করেছিলেন চ্যামিয়ান। তিনি বাটলারকে নিয়ে বলেন, ‘তার মধ্যে এমন একটা গুণ আছে, যা অনেকের মধ্যে দেখা যায় না। ক্যামেরায় তাকানোর একটা বিশেষ ভঙ্গি আছে, যা তাকে অন্যদের তুলনায় আলাদা করে তোলে।’
বাটলার বর্তমান হলিউডের অন্যতম তরুণ-গুণী অভিনেতা। বাটলারকে নিয়ে হলিউডের নির্মাতাদের বেশ ভালো আশা আছে। সম্প্রতি অ্যাপল টিভি প্লাসে স্ট্রিম হচ্ছে তার ‘মাস্টার্স অব দ্য এয়ার’। তাকে আরো দেখা যাবে ‘ডুন: পার্ট টু’তে।
সূত্র: ভ্যারাইটি