দীর্ঘ বিরতির পর নতুন মৌলিক গান নিয়ে ফিরছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী কুসুম সিকদার। ‘প্রবল ঘোর’ শিরোনামের গানটির কথা লিখেছেন তিনি নিজেই। সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদ সানি। গতকাল প্রকাশ পেয়েছে গানটির মিউজিক ভিডিও। কুসুমের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা যাচ্ছে ভিডিওটি।
গান দিয়েই সংগীতজগতে যাত্রা হয়েছিল কুসুমের। প্রকাশ করেছিলেন অ্যালবামও। তবে অভিনয় ও চলচ্চিত্র নির্মাণে ব্যস্ত হয়ে পড়ায় দীর্ঘদিন মৌলিক গান প্রকাশ করা হয়নি তার। সর্বশেষ ২০১৭ সালে প্রকাশ পেয়েছিল তার মৌলিক গান ‘নেশা’। সে হিসাবে প্রায় নয় বছর পর নতুন মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে এসেছেন তিনি।
‘প্রবল ঘোর’ গানটির রেকর্ডিং হয়েছিল ২০২০ সালে, করোনাকালের শুরুতে। তবে নানা কারণে তখন মিউজিক ভিডিওর কাজ শেষ করা সম্ভব হয়নি। অবশেষে গত জুনে কক্সবাজারের বিভিন্ন মনোরম স্থানে ভিডিওটির শুটিং হয়েছে। নকুল সরকারের নির্মাণে এতে কুসুমের সঙ্গে মডেল হয়েছেন শাহ রাসেল। পহরডাঙ্গা পিকচার্সের ব্যানারে নির্মিত হয়েছে ভিডিওটি।
দীর্ঘদিন পর মৌলিক গান প্রকাশের কারণ জানিয়ে কুসুম বলেন, ‘মাঝখানে সিনেমা পরিচালনা করেছি। এতে বড় একটা সময় চলে যায়। যে কারণে চাইলেও গানটির সব কাজ শেষ করতে পারছিলাম না। এ সময় কিছু গান করলেও মৌলিক গান করতে পারিনি। এদিকে প্রায়ই দর্শকের অনেকেই জানতে চান, নতুন গান কবে আসছে। আমার শুরুর দিকের “নেশা” গানটির কথা এখনো অনেকেই বলেন। যে কারণে মনে হলো, মাঝেমধ্যে মৌলিক গান প্রকাশ করা উচিত।’
গান ও অভিনয় নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন এ অভিনেত্রী। তার ভাষায়, ‘গান আমার প্রেম, অভিনয় আমার পেশা। শখ বা পছন্দের কারণে গান করি। কিন্তু গান পেশা নয়, অভিনয়টা আমার সব। ক্যারিয়ারের শুরু থেকে সবসময় অভিনয়ই করতে চেয়েছি। ২০০২ সাল থেকে পেশা হিসেবে অভিনয়কে বেছে নিয়েছি। এখন এ পেশাতেই রয়েছি। এটাই আমার গর্বের পরিচয়।’
অভিনয়ের পাশাপাশি গানেও সক্রিয় কুসুম। সম্প্রতি তার কণ্ঠে নজরুলসংগীত ‘হেরা হতে হেলে দুলে’ এবং রবীন্দ্রসংগীত ‘কোন কাননের ফুল’ প্রশংসা পেয়েছে।
খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘গহীনে শব্দ’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় কুসুমের। ২০১০ সালে মুক্তি পায় সিনেমাটি। এরপর ২০১২ সালে মুক্তি পায় স্বপন আহমেদ পরিচালিত ‘লাল টিপ’। গৌতম ঘোষের ‘শঙ্খচিল’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
২০২৪ সালের ১১ অক্টোবর দুর্গা পূজা উপলক্ষে মুক্তি পায় কুসুম পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শরতের জবা’। সিনেমাটিতে নাম ভূমিকায়ও অভিনয় করেন তিনি।