পিছিয়ে যাচ্ছে স্ট্রেঞ্জার থিংসের শেষ সিজন

হলিউডে রাইটার্স গিল্ড অব আমেরিকার ব্যানারে স্ক্রিপ্ট লেখকরা ধর্মঘট করছেন। ফলে অনেক প্রডাকশনের কাজ স্থগিত।

হলিউডে রাইটার্স গিল্ড অব আমেরিকার ব্যানারে স্ক্রিপ্ট লেখকরা ধর্মঘট করছেন। ফলে অনেক প্রডাকশনের কাজ স্থগিত। পিছিয়ে পড়া এসব কাজের তালিকায় স্ট্রেঞ্জার থিংসের নামও আছে। লেখকদের চলমান ধর্মঘটে এ সিরিজের ফাইনাল সিজনের কাজ থমকে আছে।

স্ট্রেঞ্জার থিংসের নির্মাতা দুই ভাই। ম্যাট ডাফার ও রস ডাফার। ডাফার ব্রাদার্স নামেই তারা পরিচিত। স্টেঞ্জার থিংসের নতুন সিজন নিয়ে তারা মন্তব্য করেছেন। স্ট্রেঞ্জার রাইটার্স নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে তারা এ সম্পর্কে একটি বিবৃতি দিয়েছেন। ধর্মঘট চলাকালে এ সিজন নির্মাণকাজ শুরু করা সম্ভব নয় বলে বিবৃতিতে জানানো হয়। তারা লেখেন, ‘ডাফারস বলছি। শুটিং শুরু হলেও লেখা বন্ধ হয় না। আমাদের অসাধারণ সব কর্মীকে নিয়ে প্রডাকশন শুরু করার প্রস্তুতি নিয়েছিলাম। আমরা বেশ রোমাঞ্চিত ছিলাম। কিন্তু ধর্মঘট চলাকালীন কাজ করা সম্ভব নয়। শিগগির এ অচলাবস্থার একটি সুন্দর মীমাংসা হবে বলে আমরা আশাবাদী। তখন আমরা সবাই কাজে ফিরে যেতে পারব। ততক্ষণ পর্যন্ত বিরতি।’ তবে ডাফার ব্রাদার্সের এ বিবৃতির পরিপ্রেক্ষিতে নেটফ্লিক্সের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্ট্রেঞ্জার থিংস নিয়ে আরো পরিকল্পনা আছে নির্মাতাদের। এর একটি অ্যানিমেটেড সিরিজও তৈরি হবে। ডাফার ব্রাদার্স, শন লেভি ও ড্যান কোহেন একযোগে এটি তৈরি করবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঞ্চেও উপস্থাপন হবে স্ট্রেঞ্জার থিংস। এ সিরিজের লেখক ও কো-এক্সিকিউটিভ প্রোডিওসার কেট ট্রেফরি মঞ্চের উপযোগী একটি স্ক্রিপ্ট তৈরি করেছেন। এর নাম ‘স্ট্রেঞ্জার থিংস: দ্য ফার্স্ট শ্যাডো’। লন্ডনের ওয়েস্ট অ্যান্ড ফিনিক্স থিয়েটারে এটির প্রিমিয়ার হবে।

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ স্ট্রেঞ্জার থিংস। সায়েন্স ফিকশন ও হররের সংমিশ্রণে তৈরি একটি টিভি ড্রামা। এ পর্যন্ত সিরিজটির মোট চারটি সিজন স্ট্রিম হয়েছে। মোট এপিসোড সংখ্যা ৩৪। ২০১৬ সালের ১৫ জুলাই নেটফ্লিক্সে প্রথম সিজনের স্ট্রিমিং শুরু হয়েছিল। ২০১৭ সালের অক্টোবরে দ্বিতীয় সিজনের স্ট্রিমিং শুরু হয়। তৃতীয় সিজনের স্ট্রিমিং শুরু হয় ২০১৯ সালের জুলাইয়ে। সর্বশেষ ২০২২ সালের মে ও জুলাইয়ে চতুর্থ সিজন নেটফ্লিক্সে মুক্তি পায়। সে বছর এ সিজন সবচেয়ে বেশি স্ট্রিমিং হয়। স্ট্রেঞ্জার থিংসের এ দারুণ জনপ্রিয়তা দেখে এর আরেকটি সিজন তৈরি করার সিদ্ধান্ত নেয়া হয়। ২০২২ সালের আগস্টে স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়।

সূত্র: ভ্যারাইটি

আরও