দুটি মন হয়তো একসূত্রে বাঁধা। কিন্তু বাস্তবে তাদের জীবন বয়ে চলে ভিন্ন দুই পথে। গতকাল সন্ধ্যা ৭টায় গানটি কোক স্টুডিওর ডিজিটাল সব প্লাটফর্মে উন্মুক্ত হয়।
ঠিক যেন সমান্তরাল দুটি রেখা; পাশাপাশি চলতে থাকে, পরস্পরকে দেখাও যায়, কিন্তু কখনো এক হওয়ার সুযোগ মেলে না। রাধা-কৃষ্ণ, রোমিও-জুলিয়েট কিংবা লায়লা-মজনুর গল্পে যুগে যুগে বেঁচে থাকা সে আকুলতাই যেন ধরা দিয়েছে এ গানে, যা কখনো এ জীবনে বাস্তবে রূপ নেয়নি, তা-ই অমর হয়ে থাকে স্মৃতিতে, কবিতায় আর সুরের মাঝে।
অঙ্কন কুমার রায়ের কথা ও সুরে মথুরা গানটিতে অঙ্কনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সানজিদা মাহমুদ নন্দিতা। গানটির সংগীত আয়োজন করেছেন শুভেন্দু দাস শুভ। তাদের সম্মিলিত পরিবেশনায় ফুটে উঠেছে বিরহের ব্যাকুলতা, মনের না-বলা কথা আর চিরদিন বেঁচে থাকা এক ভালোবাসার গল্প।
গল্প শেষ হয়ে যাওয়ার পরও সে অনুভূতির রেশ রেখে যায় মথুরা। জীবনের পথ কখনো এক না হলেও দুটি হৃদয়ে যে প্রেম রয়ে যায়, তা-ই যেন সবচেয়ে দীর্ঘস্থায়ী ‘রিয়েল ম্যাজিক’।