এর মধ্য দিয়ে ১৫ বছর পর প্রথম কোনো নারী এমি অ্যাওয়ার্ডসের উপস্থাপক হতে যাচ্ছেন। সর্বশেষ ২০১১ সালে ফক্সের হয়ে জেন লিঞ্চ এ দায়িত্ব পালন করেছিলেন।
আগামী ১৪ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় লস অ্যাঞ্জেলেসের এলএ লাইভের পিকক থিয়েটারে মঞ্চে উঠবেন হারগিটে। অনুষ্ঠানটি এনবিসি ও পিককে সরাসরি সম্প্রচার করা হবে।
এক বিবৃতিতে হারগিটে বলেন, ‘গুরুত্বপূর্ণ গল্পগুলোকে সবার সামনে তুলে আনা আমার ক্যারিয়ারের মূল চালিকাশক্তি। আমার প্রিয় এনবিসির শতবর্ষে ৭৮তম এমি অ্যাওয়ার্ডস উপস্থাপনা করতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের। একই সঙ্গে অসাধারণ সব গল্পকারের এ অনন্য সম্প্রদায়কে উদ্যাপন করতেও আমি গর্বিত।’
এমি অ্যাওয়ার্ডসের উপস্থাপক হিসেবে হারগিটেকে বেছে নেয়া এনবিসি ও টেলিভিশন একাডেমির জন্য কিছুটা ব্যতিক্রমী সিদ্ধান্ত। কারণ সাম্প্রতিক বছরগুলোয় অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্বে মূলত স্ট্যান্ডআপ কমেডিয়ান, লেট নাইট শোয়ের উপস্থাপক কিংবা কমেডি অভিনেতাদের দেখা গেছে।
এর আগে ২০২২ সালে এনবিসি এমি অ্যাওয়ার্ডস সম্প্রচার করার সময় স্যাটারডে নাইট লাইভের তারকা কেনান থম্পসন অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিলেন। ২০১৮ সালে এনবিসি মাইকেল চে ও কলিন জস্টকে উপস্থাপক হিসেবে বেছে নিয়েছিল। গত বছর সিবিএসের হয়ে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্ট্যান্ডআপ কমেডিয়ান নেট বারগাটজি।
শুধু ১৫ বছর পর প্রথম নারী এমি উপস্থাপকই নন, চলতি শতকে হারগিটে চতুর্থ নারী, যিনি এ দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এর আগে এ তালিকায় ছিলেন এলেন ডিজেনেরেস—২০০১ ও ২০০৫ সালে তিনি এমি উপস্থাপনা করেন। ২০০৮ সালে টম বার্জেরন, হাউই ম্যান্ডেল, জেফ প্রবস্ট ও রায়ান সিক্রেস্টের সঙ্গে যৌথভাবে উপস্থাপনা করেছিলেন হেইডি ক্লুম। ২০১১ সালে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেন লিঞ্চ।
সূত্র: ভ্যারাইটি