বলিউডের অন্যতম শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। স্পাই ইউনিভার্স তৈরির চেষ্টা করেছিল তারা। তবে সাম্প্রতিক সিনেমাগুলো ইতিবাচক সাড়া পাচ্ছে না। এবার তারা নতুন নিরীক্ষা করতে চাইছে। প্রথমবারের মতো হরর চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। যশরাজের প্রথম হরর সিনেমাটি পরিচালনা করবেন প্রশংসিত নির্মাতা অভয় পান্নু। সমালোচকদের প্রশংসা পাওয়া সিরিজ ‘রকেট বয়েজ’-এর জন্য তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। আসন্ন হরর সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন পান্নু। এ বছরের শেষ দিকে সিনেমাটির নির্মাণ শুরু হওয়ার কথা বলিউড হাঙ্গামা জানাচ্ছে এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে পারেন বরুণ ধাওয়ান।
বলিউড হাঙ্গামার প্রতিবেদন বলছে অভয় পান্নু পরিচালিত সিনেমাটির সঙ্গে যুক্ত আছেন অক্ষয় বিধানি। সম্প্রতি তারা সিনেমার প্রধান চরিত্রের জন্য বরুণ ধাওয়ানকে বেছে নিয়েছেন। ২০২৭ সালে সিনেমাটি মুক্তি দিতে চায় যশরাজ ফিল্মস।
‘রকেট বয়েজ’-এর মাধ্যমে ব্যাপক প্রশংসা পাওয়ার পর এই ছবি দিয়ে প্রেক্ষাগৃহে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালক হিসেবে অভিষেক হবে অভয় পান্নুর।
যশরাজ ফিল্মস এই সময় নতুন ও সৃজনশীল দর্শন থাকা নির্মাতাদের নিয়ে কাজ করায় আগ্রহ দেখাচ্ছে। ‘সাইয়ারা’র অসাধারণ সাফল্যের পর এই উদ্যোগ আরও গতি পেয়েছে। অভয় পান্নুও সেই ধারার অংশ। এর মধ্য দিয়ে বৈচিত্র্যময় গল্প বলার পাশাপাশি নতুন ধরনের সিনেমা নির্মাণের প্রতি ওয়াইআরএফের অঙ্গীকারও আরও স্পষ্ট হয়েছে।
তবে যশরাজ ফিল্মসের সঙ্গে বরুণ আগেও কাজ করেছেন। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘সুই ধাগা’। আনুশকা শর্মার বিপরীতে এই সিনেমায় তিনি যশরাজের ব্যানারে অভিনয় করেন।
সূত্র: বলিউড হাঙ্গামা