কভিড মহামারীর শুরুর দিকেই এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সালমা হায়েক। এ কথা তিনি এতদিন গণমাধ্যমে প্রকাশ করেননি। সম্প্রতি ভ্যারাইটিকে দেয়া এক সাক্ষাত্কারে জানিয়েছেন, গত বছরের অনেকটা সময় তার কেটেছে কভিড থেকে সেরে উঠতে। ৫৪ বছর বয়সী সালমা স্বামী ও ১৩ বছর বয়সী মেয়ে ভ্যালেন্টিনাকে নিয়ে থাকনে লন্ডনে। তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর ডাক্তার তাকে অনুরোধ করেছিলেন হাসপাতালে ভর্তি হতে। ‘আমার ডাক্তার খুব করে অনুরোধ করেছিলেন হাসপাতালে যেতে, কারণ আমার অবস্থা বেশ খারাপ ছিল। কিন্তু আমি বলেছিলাম, ধন্যবাদ। মরলে বরং নিজের ঘরেই মরব।’
নিজের বাড়ির একটি কক্ষে সাত সপ্তাহ আইসোলেশনে ছিলেন তিনি। তাকে অক্সিজেন দিতে হয়েছে অনেক দিন এবং এখনো তিনি কভিডের ধকল পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি।
অবশ্য এর মধ্যেও গত মাসে কাজে ফিরেছেন সালমা। রিডলি স্কটের হাউজ অব গুচির শুটিংয়ে অংশ নিয়েছেন। তবে খুব বেশিক্ষণ যে কাজ করতে পারছেন না সেটাও জানিয়েছেন তিনি, কিছুক্ষণ কাজ করলেই ক্লান্ত হয়ে যাচ্ছেন।
জুনে বড় পর্দায় ফিরছেন সালমা হায়েক। প্যাটরিক হজেসের অ্যাকশন কমেডি হিটম্যানস ওয়াইফ’স বডিগার্ড ছবিতে সোনিয়া কিনকেইডের চরিত্রে দেখা যাবে তাকে। ছবিতে সালমার সঙ্গে আরো আছেন রায়ান রেনল্ডস ও স্যামুয়েল জ্যাকসন। ছবিটি ২০১৭ সালের দ্য হিটম্যানস বডিগার্ড ছবির সিকুয়াল। সে ছবিতে সোনিয়া তথা সালমা হায়েকের উপস্থিতি ছিল ২ মিনিটের। পরিচালক প্যাটরিক বলেছেন, কিন্তু দর্শকরা সালমাকে আরো বেশি সময় পর্দায় দেখতে এবং তার চরিত্রটি সম্পর্কে আরো বেশি জানতে চান, তাই হিটম্যানস ওয়াইফ’স বডিগার্ড ছবিতে সালমার চরিত্রটিকে আরো বেশি গুরুত্ব দেয়া হয়েছে। ছবিটি ২০২০ সালের আগস্টে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু মহামারীতে তা পিছিয়ে যায়। হজেস বলেন, ‘সালমা সৃষ্টিশীলতায় পূর্ণ একজন মানুষ। লন্ডনে যখন আমরা ছবির প্রিপ্রডাকশনের কাজ করছি তখন সপ্তাহে একবার অন্তত তার বাসায় যেতাম সংলাপ নিয়ে কাজ করতে। সে সবসময় নতুন নতুন আইডিয়া নিয়ে আসে।’
ছবিতে সালমার সহশিল্পী রায়ান রেনল্ডস বলেছেন, ‘সালমা একজন লেখক। তিনি সেটে আসেন একজন লেখকের মন ও দৃষ্টি নিয়ে। তিনি কোনো দৃশ্য নিয়ে সবসময় চর্চা করেন, আশপাশের সবাইকে স্মরণ করিয়ে দেন। তিনি অভিনয় ও নতুন কিছু সৃষ্টি করতে আসেন।’
অ্যাকশন দৃশ্যে অভিনয় করেই প্রথম হলিউডের মনোযোগ পান সালমা হায়েক। বিশেষত ১৯৯৫ সালে রবার্ট রড্রিগেজের অ্যাকশন ছবি ডেসপারাডো তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।
সালমা তার ক্যারিয়ারে অভিনয়, প্রযোজনা ও পরিচালনা পাশাপাশি চালিয়ে গেছেন। ২০০২ সালে ফ্রিদা ছবিতে ফ্রিদা কাহলোর চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন অস্কার মনোনয়ন। তার প্রডাকশন কোম্পানি ভেন্টানারোসা এইচবিও ম্যাক্সের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বেশ কয়েকটি প্রকল্প নিয়ে।
সালমা হায়েক আশা করছেন, আগামী বছর নাগাদ তিনি একটি নতুন ছবি পরিচালনার কাজ শুরু করতে পারবেন। এ চিত্রনাট্য তিনি ১৭ বছর আগে লিখেছেন। ‘এটা খুবই পারসোনাল একটা প্রকল্প। আর এটাই কাজ শুরু করার সেরা সময়। এটা খুব উচ্চাভিলাষী প্রকল্প। এটা ছোটখাটো কোনো ছবি নয়। আমি হাল ছাড়িনি। ছবিটা আমি বানিয়েই ছাড়ব।’
সামনের দিনে মার্ভেলের এটারনালসে সুপারহিরোর চরিত্রে দেখা যাবে সালমা হয়েককে। প্রযোজকরা শুরুতে যখন সালমার সঙ্গে যোগাযোগ করেন তখন ব্যাপারটা তার খুব একটা বিশ্বাস হচ্ছিল না। এ বয়সে তার মতো মেক্সিকান বৈশিষ্ট্যের কাউকে হলিউড সুপারহিরো বানাতে চাইবে সেটা মানতে সায় দিচ্ছিল না তার মন। তার ওপর শুনলেন তিনিই নতুন প্রকল্পের প্রথম কাস্ট। যা হোক, সব নিশ্চিত হওয়ার পরও অনেক দিন প্রযোজকদের অনুরোধে খবরটা চেপে রাখতে হয়েছিল তাকে।
জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত হয়ে তাকে স্বাগত জানিয়েছিলেন সালমা। সে বিষয়টি উল্লেখ করে ভ্যারাইটির পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল প্রেসিডেন্ট হিসেবে বাইডেন কেমন কাজ করছেন বলে তার মনে হয়। সালমা জবাব দিয়েছেন এভাবে—‘রাজনীতি থেকে একটা বিরতি নিয়েছি। আমি শুধু জীবনের প্রতি কৃতজ্ঞ হতে চাই। দীর্ঘদিন সবকিছু থেমে থাকার পর নতুন ছবিটা (হিটম্যানস ওয়াইফ’স বডিগার্ড) নিয়ে আমি খুব উত্তেজনায় আছি। আম হতাশ হতে চাই না। আমি এমন কিছু করতে চাই যা মানুষকে একত্রিত এবং অনুপ্রাণিত করে। আমি সেটাই করতে চাই। আমি মেয়ে, স্বামী আর পোষা প্রাণীদের নিয়ে জীবনটা উপভোগ করতে চাই। এখন বেশ ভালো আছি। তাই কোনো কিছু নিয়ে এ মুহূর্তে অভিযোগ জানাতে চাই না। জীবনে অনেকটা সময় অভিযোগ করে কাটিয়েছি। এমন অভাব-অভিযোগ আর করতে চাই না। আমি এখন মানুষকে আনন্দ দিতে চাই।’
ভ্যারাইটি অবলম্বনে