সম্প্রতি রজনীকান্তের সিনেমা লাল সালামের জন্য একটি গান তৈরি করেছেন এআর রহমান। এ গানে তিনি ব্যবহার করেছেন দুই মৃত শিল্পীর কণ্ঠ। থিমিরি ইয়েহুদ নামের এ গান তিনি তৈরি করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে আর এতে ব্যবহার করেছেন প্রয়াত বাম্বা বাকিয়া ও সহুল হামিদের কণ্ঠ। রহমানের এ পদক্ষেপে তার ভক্তসহ সবাই দুই দলে ভাগ হয়ে পড়েছে। একদল তাকে সাধুবাদ জানাচ্ছেন এবং আরেক দল সমালোচনা করছেন। সমালোচনা যারা করছেন তাদের মতে, কাজটা প্রয়াত শিল্পীদের জন্য অসম্মানজনক আচরণ ও নীতিগতভাবে অন্যায়। এতসবের মধ্যে এআর রহমান জানালেন, তিনি শিল্পীদের পরিবারের কাছ থেকে অনুমতি নিয়েই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গান তৈরি করেছেন।
লাল সালাম ও গানের পোস্টার এক্সে শেয়ার করে রহমান লিখেছেন, ‘আমরা তাদের পরিবারের কাছ থেকে অনুমতি নেয়ার পাশাপাশি উপযুক্ত সম্মানী পাঠিয়েছি। ঠিকভাবে ব্যবহার করলে প্রযুক্তি আমাদের জন্য কোনো হুমকি বা সংকটের কারণ হয়ে দাঁড়াবে না।’ এ পোস্টে রহমান হ্যাশট্যাগে লিখেছেন ‘রেসপেক্ট’ ও ‘নস্টালজিয়া’। অর্থাৎ তিনি প্রয়াত শিল্পীদের সম্মান দিয়ে নস্টালজিয়া ফিরিয়ে আনার জন্য এ গান তৈরি করেছেন।
এছাড়া বিবিসির সঙ্গেও এক সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন রহমান। চেন্নাই থেকে বিবিসির সঙ্গে লাইভে যুক্ত হয়ে রহমান বলেন, ‘এখন বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা দেখি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গান তৈরি করা হচ্ছে। এগুলো জনপ্রিয়তাও পাচ্ছে। আমার একজন সহকারী একটা ভয়েস স্যাম্পল পাঠানোর পর মনে হয়েছিল কাজটা করা যায়। তারপর আমরা শিল্পীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে অনুমতি নেয়ার পাশাপাশি সম্মানীও পাঠিয়েছি।’
এআর রহমান আরো বলেন, ‘এখন নানাভাবেই প্রযুক্তির ভুল ব্যবহার হচ্ছে। কিন্তু আমি মনে করি সেটা ঠিকমতো ব্যবহার করা গেলে শিল্পীদের সম্মান জানানোর পাশাপাশি তাদের কাজকে আরো ছড়িয়ে দেয়া যাবে।’
অস্কারজয়ী এ সংগীতকার আরো জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গান তৈরির প্রস্তাবে দুই শিল্পীর পরিবারই দারুণ আনন্দিত।
উল্লেখ্য, শিল্পী বাম্বা বাকিয়া ২০২২ সালে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান। তার বয়স হয়েছিল ৪১ বছর। অন্যদিকে সহুল হামিদ ৪৪ বছর বয়সে (১৯৯৭ সাল) মারা গেছেন সড়ক দুর্ঘটনায়। রহমান মূলত অকালপ্রয়াত দুই শিল্পীকেই বেছে নিয়েছেন আর সেজন্য বহু ভক্ত ও শুভাকাঙ্ক্ষী তাকে ধন্যবাদও দিয়েছেন।
সূত্র: বিবিসি