মুক্তির প্রথম দিনেই উত্তর আমেরিকার বক্স অফিসে ঝড় তুলেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। শুক্রবার ৪ হাজার ৪৮৭টি প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি আয় করেছে অবিশ্বাস্য ১৬ কোটি ৮০ লাখ ডলার। এর মধ্য দিয়ে এটি উত্তর আমেরিকায় মুক্তিপ্রাপ্ত কোনো সিনেমার ইতিহাসে সর্বোচ্চ প্রথম দিনের আয়ের রেকর্ড গড়েছে। এর আগে ২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ প্রথম দিনে ১৫ কোটি ৭০ লাখ ডলার আয় করে এ রেকর্ডের মালিক ছিল।
সিনেমাটির পরিবেশক সনির পূর্বাভাস অনুযায়ী, রোববার পর্যন্ত ‘ব্র্যান্ড নিউ ডে’র উদ্বোধনী সপ্তাহান্তের আয় দাঁড়াতে পারে ৩২ কোটি ৫০ লাখ ডলার। তবে প্রতিদ্বন্দ্বী স্টুডিওগুলোর বিশ্লেষণে এ অঙ্ক ৩৫ কোটি ৮০ লাখ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই পূর্বাভাস সত্যি হলে সিনেমাটি উত্তর আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ উদ্বোধনী সপ্তাহের নতুন রেকর্ড গড়বে।
বর্তমানে সেই রেকর্ড ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর দখলে। সিনেমাটির উদ্বোধনী সপ্তাহান্তে আয় ছিল ৩৫ কোটি ৭০ লাখ ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে ২০২১ সালের ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। আয় ছিল ২৬ কোটি ডলার। তৃতীয় স্থানে রয়েছে ২০১৮ সালের ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ (২৫ কোটি ৭০ লাখ ডলার) এবং চতুর্থ স্থানে ২০১৫ সালের ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’ (২৪ কোটি ৭০ লাখ ডলার)।
টম হল্যান্ড অভিনীত আগের ‘স্পাইডার-ম্যান’ সিনেমা ‘নো ওয়ে হোম’-এ দেখা গিয়েছিল, পিটার পার্কারকে ঘিরে থাকা সব স্মৃতি পৃথিবীর মানুষের মন থেকে মুছে দিতে ডক্টর স্ট্রেঞ্জ একটি জাদু করেন। ফলে পৃথিবীতে আর কেউ জানে না, স্পাইডার-ম্যান আসলে পিটার পার্কার।
ছবি: জাস্ট জারেড
‘ব্র্যান্ড নিউ ডে’-তে সেই পরিস্থিতির পরবর্তী অধ্যায় তুলে ধরা হয়েছে। এবার পিটারকে তার সবচেয়ে কাছের মানুষদের—প্রেমিকা এমজে (জেনডায়া) এবং ঘনিষ্ঠ বন্ধু নেড (জ্যাকব ব্যাটালন)—সহায়তা ছাড়াই একা লড়াই করতে শিখতে হয়।
এবারের সিনেমাটিতে টম, জেন্ডেয়া ও জ্যাকব ছাড়াও অভিনয় করেছেন সেডি সিঙ্ক, জন বার্নথাল, মার্ক রাফালো, লিজা কোলন-জায়াস ও ট্রামেল টিলম্যান।
অন্যদিকে শুক্রবার উত্তর আমেরিকার বক্স অফিসে দ্বিতীয় অবস্থানে ছিল ‘দ্য ওডিসি’। মুক্তির তৃতীয় সপ্তাহান্তে প্রবেশ করা সিনেমাটি শুক্রবার আয় করেছে ১ কোটি ৪৫ লাখ ডলার।
ধারণা করা হচ্ছে, রবিবার পর্যন্ত সিনেমাটির সপ্তাহান্তের মোট আয় দাঁড়াবে ৫ কোটি ১০ লাখ, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ৪৩ শতাংশ কম। এর ফলে উত্তর আমেরিকায় ‘দ্য ওডিসি’র মোট আয় পৌঁছে যাবে প্রায় ৩৯ কোটি ৫০ লাখ ডলারে।
সূত্র: ভ্যারাইটি