সমসাময়িক সামাজিক বাস্তবতা ও নির্মল হাস্যরসের মিশেলে নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। প্রযোজনা করেছেন আব্দুল্লাহ আল মামুন।
বর্তমান প্রজন্মের সোশ্যাল মিডিয়া-নির্ভর সম্পর্ক ও পারিবারিক জীবনের নানা দিক এ নাটকে ফুটিয়ে তোলা হয়েছে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালমান আরাফাত, নওশীন নাহার, জুলফিকার চঞ্চল, শ্যামল হাসান, কবির টুটুল, আরজুমান আরা বকুল, হুমায়ুন ফরিদ, সাবিহা জামান, বিমল ব্যানার্জি, সাবরিনা শফী নিসা ও আনোয়ার শাহী।
নাটকের গল্পে দেখা যাবে, মনির নামের এক যুবক তার মা ও মামাকে সঙ্গে নিয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে যায়। মেয়েটির নাম রায়না, যাকে মনির প্রথম দেখেছে টিকটকে। প্রাইভেট ফার্মে চাকরি করা মনিরের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল এক সুন্দরী মেয়েকে বিয়ে করার। এ কারণে বহু মেয়ে দেখেও আগে তার পছন্দ হয়নি।
মেয়ে দেখতে যাওয়ার এ ঘটনাকে ঘিরেই নাটকে তৈরি হয় একের পর এক হাস্যরসাত্মক পরিস্থিতি। বিশেষ করে মনিরের মামার সংলাপগুলো দর্শককে বাড়তি বিনোদন দেবে। বিয়ের আলাপচারিতায় পুরনো ধ্যানধারণার বদলে উঠে আসে নতুন প্রজন্মের সামাজিক যোগাযোগমাধ্যম কেন্দ্রিক ভাবনা, পাত্রী ফেসবুক ভেরিফায়েড কিনা, মনিটাইজেশন হয়েছে কিনা কিংবা মাসে কত আয় হয়—এসব নিয়েই জমে ওঠে কথোপকথন।
অবশেষে হাসি-ঠাট্টার মধ্য দিয়েই বিয়ে সম্পন্ন হয়। কিন্তু বাসর রাতের পরদিন ভোরে ঘটে এক অদ্ভুত ঘটনা! এর পর থেকেই নাটকের গল্প মোড় নেয় ভিন্ন দিকে।