পাঁচ বছর পর ইমরান-পূজার নতুন গান

একসঙ্গে একাধিক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও পূজা।

একসঙ্গে একাধিক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও পূজা। তবে মাঝে পাঁচ বছর নতুন কোনো গানে একসঙ্গে কাজ করেননি তারা। ইমরান-পূজা ভক্তদের কথা ভেবেই সম্প্রতি নতুন একটি গানে কাজ করেছেন। গানটির শিরোনাম ‘চোখে চোখে’। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ইমরান-পূজার নতুন গান। এ গানের মধ্য দিয়ে প্রথমবার ইমরান-পূজার মিউজিক ভিডিওতে কাজ করলেন নায়িকা প্রার্থনা ফারদিন দিঘি। চোখে চোখে নামের গানটি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে মঙ্গলবার।

গানটি নিয়ে ইমরান বলেন, ‘অসম্ভব মিষ্টি কথা ও সুরের একটি গান। তার সঙ্গে ভিডিওটাও চমৎকার হয়েছে। এবারই প্রথম আমি ও পূজা সহশিল্পী হিসেবে দিঘিকে পেয়েছি। সব মিলিয়ে গানটি প্রকাশ করে আমি খুব খুশি। দর্শক তাদের ভালো লাগার কথা জানাচ্ছে, তাই আরো ভালো লাগছে। ভালো গানের বিকল্প ভাবা যাবে না। ভালো গান হলেই শ্রোতারা তা আগ্রহ নিয়ে শোনে। আমার সে চেষ্টাটাই থাকে সবসময়।’

দীর্ঘ পাঁচ বছর পর ইমরানের সঙ্গে গান প্রসঙ্গে জানতে চাইলে পূজা বলেন, ‘ইমরান ভাইয়ের সঙ্গে প্রায় পাঁচ বছর পর আবার একটা গান করলাম। মনে হলো অনেক দিন পর খুব ভালো একটা কাজ করলাম। আশা করি, সবার খুব ভালো লাগবে।’ এদিকে নায়িকা দিঘি বলেন, ‘গানটা খুবই সুন্দর। একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। ইমরান ভাইয়ের সঙ্গে আমার এটাই প্রথম কাজ। প্রথম কাজেই দারুণ অভিজ্ঞতা হলো। আমার খুব ভালো লেগেছে কাজটা করে। আশা করি সবার গানটা খুব ভালো লাগবে।’

গানটি লিখেছেন ভারতের পীযূষ দাস আর সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। অন্যদিকে ভিডিওতে ইমরান, পূজা ও দিঘি ছাড়াও অভিনয় করেছেন জিলানী। রোমান্টিক ধারার মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।

আরও