‘এটাই হলো মিডিয়া, একটি জাতির বিবেক’— বিরক্ত হয়ে বললেন অমিতাভ

জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর উপস্থাপক অমিতাভ কয়েক দিন আগে নিজের ব্লগে লিখেছিলেন, ‘দেরি হয়ে গেছে, অবসর নেয়ার সময়।’ তার এই মন্তব্যের ভিত্তিতে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, তিনি হয়তো অভিনয় কিংবা উপস্থাপনা থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন

অবসরে যাচ্ছেন অমিতাভ বচ্চন—সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি পোস্ট ঘিরে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বলিউডের এ মেগাস্টার। বরং অবসর নিয়ে সংবাদ প্রকাশের ঘটনায় নিজের স্বভাবসুলভ রসিকতা ও ব্যঙ্গের মাধ্যমে গণমাধ্যমের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন ৮৩ বছর বয়সী অভিনেতা। খবর এনডিটিভি।

জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর উপস্থাপক অমিতাভ কয়েক দিন আগে নিজের ব্লগে লিখেছিলেন, ‘দেরি হয়ে গেছে, অবসর নেয়ার সময়।’ তার এই মন্তব্যের ভিত্তিতে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, তিনি হয়তো অভিনয় কিংবা উপস্থাপনা থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন।

ওই খবরের একটি কাটিং নিজের ব্লগে শেয়ার করে অমিতাভ লিখেছেন, ‘আমি ব্লগে লিখেছিলাম—“দেরি হয়ে গেছে, অবসর নেওয়ার সময়।” আমরা সবাই জানি, এর অর্থ হলো রাত হয়ে গেছে, এবার বিছানায় যাওয়ার সময়। আর এটাই হলো মিডিয়া—একটি জাতির বিবেক, চূড়ান্ত তথ্যদাতা!’

পরের ব্লগ পোস্টে আরো পরিষ্কার করে তিনি বলেন, অভিনয় বা কাজ থেকে অবসর নেয়ার কোনো প্রশ্নই নেই। তার ভাষায়, ‘আমি এখন ঘুমাতে যাচ্ছি। আর সেখানে আপনাকে আসার আমন্ত্রণ জানানো হয়নি।’

অর্থাৎ ‘রিটায়ার’ শব্দটি দিয়ে কাজ থেকে অবসর নয়, সেদিন রাতে ঘুমাতে যাওয়ার কথাই বোঝাতে চেয়েছিলেন তিনি।

এদিকে বর্তমানে কেবিসির ১৮তম সিজন উপস্থাপনা করছেন অমিতাভ। ২০০০ সালে শুরু হওয়া অনুষ্ঠানটির এবারের সিজন সম্প্রচার শুরু হয়েছে ১০ আগস্ট।

কেবিসির আসন্ন একটি পর্বে স্ত্রী অভিনেত্রী ও রাজ্যসভার সদস্য জয়া বচ্চনকে নিয়ে মজার একটি ঘটনা জানান অমিতাভ। কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে জয়ার তৈরি হতে দেরি হয় কিনা—এক প্রতিযোগীর এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্ধ্যা ৬টায় বিয়েতে যাওয়ার কথা থাকলে জয়া বচ্চনকে ৫টার সময় বলে দেন। এতে জয়া আগেভাগে তৈরি হন এবং তারা সময়মতো অনুষ্ঠানে পৌঁছাতে পারেন।

অভিনয়ে অমিতাভের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ২০২৪ সালের ‘ভেট্টাইয়ান’, যেখানে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছেন তিনি।

আরও