ঘোষণার পর থেকেই দর্শকের আগ্রহে রয়েছে রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’। সিনেমাটির টিজার প্রকাশের সময় অক্টোবরের কথা বলা হলেও পোস্ট প্রডাকশন শেষ না হওয়ায় নির্ধারিত সময়ে মুক্তি নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। শেষ পর্যন্ত অক্টোবরের মুক্তি থেকে সরে এসেছে সিনেমাটি। ২০২৭ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা।
গত মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত এক ভিডিও বার্তায় মুক্তির নতুন তারিখ জানান রায়হান রাফী। একইসঙ্গে তিনি জানান, সিনেমাটির সম্পাদনাসহ পোস্ট প্রডাকশনের কিছু কাজ এখনো বাকি। তাড়াহুড়ো করে নির্ধারিত সময়ে মুক্তি দিলে ভিএফএক্সের মানের সঙ্গে আপস করতে হতে পারে। সে কারণে আরো সময় নিয়ে কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
রাফী বলেন, ‘চাইলে অক্টোবরে সিনেমা রিলিজ করতে পারব, ১৬ অক্টোবরেই পারব। সে ক্ষেত্রে হয়তো ভিএফএক্স খারাপ হবে। কিন্তু আমি কোনোভাবেই ছাড় দিতে চাই না। তাই অক্টোবর কিংবা ডিসেম্বর নয়, আগামীতে ঈদ ছাড়াই ২৬ মার্চ “আন্ধার” রিলিজ করব।’
এর আগে টিজার প্রকাশের পর সিনেমাটির মুক্তির তারিখ নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। বিশেষ করে রায়হান রাফীর পরিচালনায় সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফাকে এক সিনেমায় দেখার বিষয়টি আলোচনায় আসে। টিজারে সিনেমাটির ভিজ্যুয়াল উপস্থাপনও দর্শকের কৌতূহল বাড়িয়েছে। তবে সিনেমাটির গল্প ও চরিত্র নিয়ে নির্মাতার পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
বড় কোনো উৎসবের মুক্তির বদলে স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিনেমাটি দর্শকের কাছে পৌঁছানোর পরিকল্পনা করেছেন রায়হান রাফী। ২২১বি ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘আন্ধার’-এ সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফার পাশাপাশি অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার, ফারুক রেহানসহ অনেকে।