তৃতীয় সিনেমা নিয়ে আসছেন মেহজাবীন

এবার তৃতীয় সিনেমা নিয়ে আসছেন এ অভিনেত্রী। আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘খলনায়ক’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে তাকে।

‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ দিয়ে বড় পর্দায় পরিচিতি পেয়েছেন মেহজাবীন চৌধুরী। সিনেমা দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পাশাপাশি পুরস্কারও অর্জন করেছে। এবার তৃতীয় সিনেমা নিয়ে আসছেন এ অভিনেত্রী। আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘খলনায়ক’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে তাকে। কলকাতায় চুপিসারে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন মেহজাবীন। মুক্তির আগে তার উপস্থিতিকে চমক হিসেবে রাখতে চান নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা।

এ কারণে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চাইছেন না তারা। মেহজাবীনের বড় পর্দায় অভিষেক হয় ‘সাবা’ সিনেমার মাধ্যমে। ২০২৪ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু হয় সিনেমাটির। এরপর বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে এটি।

অন্যদিকে শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা পেয়েছে। কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন আয়োজনে অংশ নেয়া সিনেমাটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানোরামা বিভাগে ফিপ্রেসকি পুরস্কার অর্জন করে। ‘খলনায়ক’-এ মেহজাবীনের চরিত্রটি কেমন হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্র গণমাধ্যমকে তার অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছে। অতিথি চরিত্রে তার উপস্থিতি নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে।

ছোট পর্দা ও ওটিটিতে বিভিন্ন ধরনের গল্পের কনটেন্ট নির্মাণ করে পরিচিতি পান ভিকি জাহেদ। এটি তার প্রথম চলচ্চিত্র। শুরু থেকেই সিনেমাটির গল্প ও অভিনয়শিল্পীদের চরিত্র নিয়ে গোপনীয়তা বজায় রেখেছেন এ নির্মাতা। ঢাকা ও কলকাতায় সিনেমাটির শুটিং শেষ হয়েছে।

সিনেমায় আফরান নিশো ও তমা মির্জার পাশাপাশি অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার ও কলকাতার প্রিয়াংকা সরকার। চলতি বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। তবে এ বছর মুক্তি নিয়ে এখন অনিশ্চয়তা রয়েছে। সব ঠিক থাকলে আগামী বছরের পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে ‘খলনায়ক’।

আরও