সীমান্তের গণ্ডি পেরিয়ে বন্ধুত্বের উদযাপন

প্রকৃতি, ঐতিহ্য ও উদ্ভাবনের মাধ্যমে বিভিন্ন দেশ একত্র হয়। এমনই এক প্রাণবন্ত শিল্প সংলাপ বাংলাদেশ ও সিঙ্গাপুরের শিল্পীসত্তাকে একত্র করছে।

সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে ঢাকায় সিঙ্গাপুর প্রজাতন্ত্রের হাইকমিশন, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় উপস্থাপন করছে ‘ব্রিজিং হরাইজনস: আ ভিজুয়াল ডায়ালগ অব নেচার, হেরিটেজ অ্যান্ড ইনোভেশন।’ বাংলাদেশ ও সিঙ্গাপুরের দীর্ঘদিনের বন্ধুত্ব এবং ক্রমবর্ধমান সাংস্কৃতিক সম্পর্ক উদযাপনে এ আন্তঃদেশীয় শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ বিকাল সাড়ে ৫টায় এর উদ্বোধন হবে।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি। সম্মানিত অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পী ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী এবং বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ ও আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক ফ্রাঁসোয়া শঁম্ভো। প্রদর্শনীর সার্বিক কিউরেশন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক হারুন অর রশীদ টুটুল।

বাংলাদেশ ও সিঙ্গাপুরের প্রাণবন্ত কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরো সুদৃঢ় ও উদযাপনের লক্ষ্যে আয়োজিত এ প্রদর্শনীতে প্রকৃতি, ঐতিহ্য, উদ্ভাবন ও অভিন্ন সাংস্কৃতিক পরিচয়কে কেন্দ্র করে বিভিন্ন শিল্পকর্ম উপস্থাপন করা হয়েছে। প্রদর্শনীতে সিঙ্গাপুরের বিশেষ শিল্প সংগ্রহের পাশাপাশি বাংলাদেশের ১৪ জন বিশিষ্ট শিল্পীর নির্বাচিত শিল্পকর্ম প্রদর্শিত হবে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে উন্মুক্ত আহ্বানের মাধ্যমে নির্বাচিত ছয়জন তরুণ বাংলাদেশী শিল্পীর সমকালীন শিল্পভাবনাও তুলে ধরা হবে। প্রতিষ্ঠিত শিল্পধারা ও সমকালীন শিল্পচর্চার এ সম্মিলন দুই দেশের অভিন্ন মূল্যবোধ এবং ক্রমবিকাশমান সাংস্কৃতিক সংযোগের একটি প্রাণবন্ত দৃশ্যমান সংলাপ সৃষ্টি করবে।

আজ শুরু হয়ে ব্রিজিং হরাইজনস চলবে ১৯ আগস্ট পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

আরও