বৈচিত্র্যময় অভিনয়ের মাধ্যমে কুড়িয়েছেন দর্শকের প্রশংসা। সম্প্রতি ‘জ্বীনের বাচ্চা’ নামের একটি ওয়েব ফিল্মে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। পর্দায় কখনো তিনি বোবা মেয়ে, কখনো প্রচণ্ড রাগী, আবার কখনো শান্ত স্বভাবের চরিত্রে হাজির হয়ে দর্শককে চমকে দেন।
এবার ঈদুল আজহার উৎসবকে কেন্দ্র করে ছোট পর্দার দর্শকের জন্য দারুণ এক চমক নিয়ে হাজির হচ্ছেন এ তারকা। ঈদের বিশেষ অনুষ্ঠানমালার জন্য জনপ্রিয় নাট্যনির্মাতা সকাল আহমেদের পরিচালনায় ‘লাভ স্টেশন’ নামের সাত পর্বের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকে মৌসুমী হামিদকে দেখা যাবে একজন ভীষণ অভিমানী মেয়ের চরিত্রে।
এ নাটকে তার বিপরীতে সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। গুণী এ অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘চঞ্চল ভাই অত্যন্ত বড় মাপের একজন গুণী শিল্পী। তার সঙ্গে কাজ করলে সেটের পরিবেশটাই বদলে যায়। অনেক কিছু শেখার পাশাপাশি দারুণ আনন্দঘন পরিবেশে কাজ করা যায়।’
দীর্ঘ দেড় দশকের এ শিল্পীজীবন নিয়ে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘শিল্পীর জীবন আমার খুবই ভালো লাগে। এ পেশায় সাধারণ মানুষের যে নিঃস্বার্থ ভালোবাসা ও সম্মান পাওয়া যায়, তা আমাকে প্রতিনিয়ত সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। অভিনয়ের মাধ্যমে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরার যে চমৎকার অভিজ্ঞতা হচ্ছে, তা আমি দারুণ উপভোগ করছি।’