সিনেমা পর্দায় ঝড় তোলা ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর নতুন নতুন অ্যাডভেঞ্চার দেখা যাবে ঘরে বসে। আনুষ্ঠানিক এক ঘোষণায় জানা যাচ্ছে, স্ট্রিমিং প্লাটফর্ম পিকক তৈরি করছে এ সিরিজ। খবর ভ্যারাইটি।
নিউইয়র্কে অনুষ্ঠিত এনবিসিইউনিভার্সালের আপফ্রন্ট মঞ্চে দাঁড়িয়ে গতকাল এ ঘোষণা দেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ভিন ডিজেল। তার সঙ্গে ছিলেন দ্য টুনাইট শোর উপস্থাপক জিমি ফ্যালন।
ডিজেল বলেন, ‘গত এক দশক ধরে আমরা বুঝতে পেরেছি, আরো বেশি কিছু চায় ভক্তরা। আমরা যেন প্রভাবশালী চরিত্রগুলো এবং তাদের গল্পকে আরো বিস্তৃত করি সেটাই তারা চান।’
এ সময় পিককের প্যারেন্ট এনবিসিইউনিভার্সালের বিনোদন বিভাগের প্রধান ডোনা ল্যাঙ্গির প্রসঙ্গ তুলে অভিনেতা বলেন, ‘আমি সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। সময়টা সঠিক হয়ে ওঠে যখন ডোনা ল্যাঙ্গি পুরো বিষয়টির তত্ত্বাবধান শুরু করেন। তখনই আমি বুঝেছিলাম যে চরিত্রগুলোর স্বকীয়তা, আন্তর্জাতিক আবেদন এবং আমাদের সবাইকে পরিবারের মতো অনুভব করানোর বিষয়টি টিভি সংস্করণেও সুরক্ষিত থাকবে। আজ আমি যে খবরটি দিচ্ছি, তা হলো পিকক “ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস” ইউনিভার্স থেকে চারটি শো চালু করছে।’
ডিজেল চারটি শো নির্মাণাধীন রয়েছে বললেও বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি নিশ্চিত করেছেন, বর্তমানে মাত্র একটি সিরিজই এগোচ্ছে। বাকি প্রকল্পগুলো ইউনিভার্সাল টিভিতে বিভিন্ন পর্যায়ে বিকাশমান রয়েছে।
সিরিজটির কাহিনি সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে ডিজেল প্রতিশ্রুতি দিয়েছেন, এটি হলিউড সিরিজটির ঐতিহ্য ও উত্তরাধিকারকে সম্মান জানাবে।
অবশ্য এমন নয় যে পিককের সিরিজটি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর প্রথম টিভি শো। এর আগে নেটফ্লিক্স ২০১৯-২১ সালের মধ্যে ছয় মৌসুম ধরে অ্যানিমেটেড সিরিজ ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস স্পাই রেসার্স’ সম্প্রচার করেছিল।
এ পর্যন্ত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির অধীনে ১১টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। পরবর্তী সিনেমা ‘ফাস্ট ফরএভার’ ২০২৮ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিটি বিশ্বব্যাপী বক্স অফিসে ৭ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে।
প্রথম চলচ্চিত্র ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ মুক্তি পেয়েছিল ২০০১ সালে, ব্যানার ইউনিভার্সাল পিকচার্স। ছবিটির ২৫তম বার্ষিকী উপলক্ষে আগামীকাল কান ফিল্ম ফেস্টিভ্যালে মধ্যরাতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে।