ঘরোয়া আয়োজনে গৌরি স্প্র্যাটকে বিয়ে করলেন আমির খান

এ অনুষ্ঠানে আমিরের প্রথম স্ত্রী রীনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাও উপস্থিত ছিলেন। এছাড়া আম্বানি পরিবার, চলচ্চিত্র নির্মাতা অশুতোষ গোয়ারিকরসহ আরো কয়েকজন ঘনিষ্ঠ অতিথি অনুষ্ঠানে যোগ দেন

দীর্ঘদিনের বান্ধবী গৌরি স্প্র্যাটকে বিয়ে করেছেন বলিউড অভিনেতা আমির খান। মুম্বাইয়ের বাসভবনে নিবন্ধন অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে একটি উদ্‌যাপন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। খবর ভ্যারাইটি ইন্ডিয়া।

এ অনুষ্ঠানে আমিরের প্রথম স্ত্রী রীনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাও উপস্থিত ছিলেন। এছাড়া আম্বানি পরিবার, চলচ্চিত্র নির্মাতা অশুতোষ গোয়ারিকরসহ আরো কয়েকজন ঘনিষ্ঠ অতিথি অনুষ্ঠানে যোগ দেন।

আমির আগেই জানিয়েছিলেন, তারা জাকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে আপনজনদের নিয়ে ছোট পরিসরে বিয়ের অনুষ্ঠান করতে চান। সেই সিদ্ধান্ত অনুযায়ীই পুরো আয়োজনটি ছিল একান্ত ব্যক্তিগত ও সীমিত পরিসরের।

গত কয়েক দিন ধরেই বিয়ের প্রস্তুতি চলছিল। প্রবল বর্ষণ সত্ত্বেও মুম্বাইয়ের পালি হিলে অবস্থিত আমির খানের বাসভবন সাজানো হয়েছিল বিয়ের উৎসব উপলক্ষে।

এর আগে এক সাক্ষাৎকারে বিয়ের সিদ্ধান্ত সম্পর্কে আমির খান বলেছিলেন, ‘আমি এখন মানসিকভাবে শান্তিতে আছি। আমরা একে অপরের সঙ্গী, আমরা একসঙ্গে আছি। আমার হৃদয়ে আমি অনেক আগেই ওকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করেছি। তাই আমাদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেয়া আমাদের পথচলার স্বাভাবিক পরবর্তী ধাপ বলেই মনে হয়েছে।’

গৌরি স্প্র্যাট ওয়েলনেস ও সৌন্দর্যসেবা খাতে কাজ করেন। ২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমির প্রথমবারের মতো গণমাধ্যমের সঙ্গে গৌরির পরিচয় করিয়ে দেন। তখন তিনি জানান, বহু বছর আগে তাদের পরিচয় হয়েছিল এবং পরে আবারও তাদের যোগাযোগ হয়।

গত কয়েক মাসে এই জুটিকে একাধিকবার একসঙ্গে জনসমক্ষে দেখা গেছে। আমির অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘সিতারে জমিন পার’-এর প্রিমিয়ারেও তারা একসঙ্গে উপস্থিত ছিলেন।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দত্তকে বিয়ে করেছিলেন। তাদের দুই সন্তান—জুনায়েদ খান ও ইরা খান। ২০০৫ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। তাদের এক ছেলে, আজাদ। বিচ্ছেদের পরও আমির তার দুই সাবেক স্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। পরিবারের সদস্যদের মধ্যেও এখনো ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।

আরও