আসছে সেপ্টেম্বরেই জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ চলচ্চিত্রের মাধ্যমে শুটিংয়ে ফিরবেন তিনি। এ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। কিছুদিন আগেই এক কন্যাসন্তানের মা হওয়ার খবর দিয়েছেন এ অভিনেত্রী।
ঈদুল ফিতরে মুক্তি পায় রায়হান রাফীর ‘প্রেশার কুকার’। এ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন বুবলী। তবে সে সিনেমার প্রচারণায় দেখা যায়নি তাকে। তখন অনেকটা আড়ালেই ছিলেন এ অভিনেত্রী। এবার আড়াল ভেঙে নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন বুবলী।
নতুন সিনেমা নিয়ে নির্মাতা জাহিদ হোসেন জানান, বুবলির সঙ্গে কথা হয়েছে। তার শারীরিক অবস্থা কিছুটা পরিবর্তন সাপেক্ষে সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরবেন বলে কথা দিয়েছেন বুবলি।
পুরান ঢাকার ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরার লক্ষ্য নিয়েই নির্মাণ হতে যাচ্ছে ঢাকাইয়া দেবদাস। এ চলচ্চিত্রে শিয়া সম্প্রদায়ের এক যুবকের চরিত্রে অভিনয় করবেন আদর আজাদ, অন্যদিকে সুন্নি সম্প্রদায়ের এক তরুণীর চরিত্রে দেখা যাবে বুবলীকে। শুধু তা-ই নয়, চলচ্চিত্রটিতে তাদের উর্দু ভাষায় কথা বলতেও দেখা যাবে, যা গল্পে যোগ করবে বাড়তি বাস্তবতা।
নির্মাতা বলেন, ‘বুবলি যেহেতু এখন সন্তান ও নিজের পরিচর্যায় কিছুটা সময় নেবেন, তাই আমরা এরই মধ্যে অন্যান্য অংশের শুটিং শুরু করতে যাচ্ছি। আমাদের লক্ষ্য পুরান ঢাকাকে নিয়ে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ করা।’
নামে বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্র হলেও আন্তর্জাতিক উৎসবগুলোকে লক্ষ্য করেই এটি নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন জাহিদ হোসেন। এরপর দেশে মুক্তির পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, পরিচালক জাহিদ হোসেনের পিতা নাসির হোসেন বিখ্যাত গবেষণা গ্রন্থ ‘কিংবদন্তি ঢাকা’র রচয়িতা। নিজে পুরান ঢাকার বাসিন্দা হওয়ায় জাহিদ হোসেনের গল্পে উঠে আসবে এ অঞ্চলের প্রকৃত ভাষা, সংস্কৃতি ও জীবনযাত্রার প্রামাণ্য চিত্র।