৯৮তম অস্কার

ছয় পুরস্কারসহ সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

রাজনৈতিক প্রতিরোধের গল্পে আমেরিকার কয়েক প্রজন্মের লড়াইয়ের এক বিচিত্র ও হাস্যরসাত্মক আখ্যান ফুটিয়ে তোলা লিওনার্দো ডি ক্যাপ্রিও ও শন পেন অভিনীত এ সিনেমাটিই কুড়িয়ে নিয়েছে হলিউডের সর্বোচ্চ সম্মান। জিতে নিয়েছে সেরা চলচ্চিত্রসহ আসরের সর্বোচ্চ পুরস্কার।

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক আসর ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের পর্দা নেমেছে। বছরের অন্যতম আলোচিত সিনেমা পল থমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছয়টি বিভাগে পুরস্কার জিতে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরেছে। রাজনৈতিক প্রতিরোধের গল্পে আমেরিকার কয়েক প্রজন্মের লড়াইয়ের এক বিচিত্র ও হাস্যরসাত্মক আখ্যান ফুটিয়ে তোলা লিওনার্দো ডি ক্যাপ্রিও ও শন পেন অভিনীত এ সিনেমাটিই কুড়িয়ে নিয়েছে হলিউডের সর্বোচ্চ সম্মান। জিতে নিয়েছে সেরা চলচ্চিত্রসহ আসরের সর্বোচ্চ পুরস্কার।

তেরোটি বিভাগে মনোনয়ন পাওয়া এ সিনেমাটি তার রাজনৈতিক প্রেক্ষাপট ও সাহসী চিত্রনাট্যের জন্য শুরু থেকেই দর্শকদের নজরে ছিল। দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম সেরা পরিচালকের অস্কার হাতে তুললেন পল থমাস অ্যান্ডারসন। এছাড়া সেরা রূপান্তরিত চিত্রনাট্য, সেরা পার্শ্ব অভিনেতা (শন পেন), সেরা সম্পাদনা এবং অস্কারের ইতিহাসে নতুন যুক্ত হওয়া ‘সেরা কাস্টিং’—এই গুরুত্বপূর্ণ বিভাগগুলোতেও জয়জয়কার সিনেমাটির। পুরস্কার গ্রহণের সময় আবেগঘন কণ্ঠে অ্যান্ডারসন বলেন, ‘এই পৃথিবীটাকে আমরা যে এতটা অগোছালো অবস্থায় উত্তরসূরিদের হাতে তুলে দিচ্ছি, তার জন্য ক্ষমা চেয়েই আমি এই ছবিটি নির্মাণ করেছি।‘

অন্যদিকে, রেকর্ড ১৬টি মনোনয়ন পাওয়া রায়ান কুগলারের ভ্যাম্পায়ার হরর সিনেমা ‘সিনার্স’ চারটি অস্কার পেলেও সেরা চলচ্চিত্রের দৌড়ে শেষ পর্যন্ত পিছিয়ে পড়ে। তবে সিনেমাটি সেরা অভিনেতা (মাইকেল বি. জর্ডান), সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা সুর এবং সেরা চিত্রগ্রহণের মতো বিভাগে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে। অস্কারের ৯৮ বছরের ইতিহাসে অটাম ডুরাল্ড আরকাপাও প্রথম নারী হিসেবে সেরা চিত্রগ্রাহকের পুরস্কার জিতে রেকর্ড গড়েছেন।

সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ‘হ্যামনেট’ সিনেমার জন্য জেসি বাকলি। এছাড়া ‘ওয়েপনস’ সিনেমায় অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর সম্মান পেয়েছেন ৭৫ বছর বয়সী অ্যামি ম্যাডিগান। গুইলারমো দেল তোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ পেয়েছে সেরা কস্টিউম ডিজাইন, মেকআপ ও হেয়ারস্টাইলিং এবং প্রোডাকশন ডিজাইনের জন্য তিনটি অস্কার। এছাড়া নরওয়ের জন্য প্রথমবার সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের খেতাব এনেছে ‘সেন্টিমেন্টাল ভ্যালু’।

একনজরে ৯৮তম অস্কারের বিজয়ীরা:

সেরা চলচ্চিত্র: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা পরিচালক: পল থমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সেরা অভিনেতা: মাইকেল বি. জর্ডান (সিনার্স)

সেরা অভিনেত্রী: জেসি বাকলি (হ্যামনেট)

সেরা পার্শ্ব অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যামি ম্যাডিগান (ওয়েপনস)

সেরা রূপান্তরিত চিত্রনাট্য: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা মৌলিক চিত্রনাট্য: সিনার্স

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: সেন্টিমেন্টাল ভ্যালু (নরওয়ে)

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: কে-পপ ডিমন হান্টার্স

সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: মিস্টার নোবডি অ্যাগেইনস্ট পুতিন

সেরা চিত্রগ্রহণ: অটাম ডুরাল্ড আরকাপাও (সিনার্স)

সেরা ফিল্ম এডিটিং: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা কাস্টিং: ক্যাসান্দ্রা কুলুকানডিস (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সেরা প্রোডাকশন ডিজাইন: ফ্রাঙ্কেনস্টাইন

সেরা মৌলিক সুর: লুডভিগ গোরানসন (সিনার্স)

সেরা মৌলিক গান: "গোল্ডেন" (কে-পপ ডিমন হান্টার্স)

সেরা সাউন্ড: এফ১

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ

সেরা কস্টিউম ডিজাইন: ফ্রাঙ্কেনস্টাইন

সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং: ফ্রাঙ্কেনস্টাইন

সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: যৌথভাবে—দ্য সিঙ্গারস ও টু পিপল এক্সচেঞ্জিং সালিভা

সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম: অল দ্য এম্পটি রুমস

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: দ্য গার্ল হু ক্রাইড পার্লস

আরও